লালু প্রসাদ রেলমন্ত্রী থাকাকালীন রাঁচি ও পুরীতে রেলের দুটি অভিজাত হেরিটেজ হোটেল বেসরকারি কোম্পানির হাতে হস্তান্তর করেন। অভিযোগ ছিল এই হস্তান্তরে লালু প্রসাদ এবং তার স্ত্রী রাবড়ি ও ছোট ছেলে তেজস্বী আর্থিকভাবে লাভবান হয়েছেন। যে সংস্থা হোটেল দুটি কিনেছে তারা পাটনায় প্রায় ৩ একর জমি লালু প্রসাদের নামে লিখে দিয়েছে এমন অভিযোগ নিয়েও তদন্ত শুরু করে সিবিআই।

লালু প্রসাদ যাদব-তেজস্বী যাদব।
শেষ আপডেট: 13 October 2025 12:03
দ্য ওয়াল ব্যুরো: রেলের আরও একটি মামলায় সোমবার বড় ধরনের বিপাকে পড়লেন বিহারের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব ( Lalu Prasad Yadav), রাবড়ি দেবী ও তাদের পুত্র তেজস্বী যাদব (Tejashwi Yadav)। দিল্লির আদালত এই মামলায় সিবিআই (CBI) এর চার্জশিটে মান্যতা দিয়ে চার্জ গঠনের নির্দেশ দিয়েছেন। এই মামলায় লালু প্রসাদ ও তাঁর স্ত্রী পুত্রের বিরুদ্ধে অভিযোগ রেলের দুটি হেরিটেজ হোটেল বেসরকারি হাতে দেওয়াতে বিপুল টাকার নয় ছয় করা হয়েছে। বিচারকের মতে এর ফলে সরকারি কোষাগারে বিশাল অংকের ক্ষতি হয়েছে।
২০০৪ থেকে ২০০৯ এই সময়কালে দেশে রেলমন্ত্রী ছিলেন লালু প্রসাদ যাদব। কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থার সম্পদ বেঁচে অর্থ সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছিল। এই তালিকায় ছিল ভারতীয় রেল। লালু প্রসাদ রেলমন্ত্রী থাকাকালীন রাঁচি ও পুরীতে রেলের দুটি অভিজাত হেরিটেজ হোটেল বেসরকারি কোম্পানির হাতে হস্তান্তর করেন। অভিযোগ ছিল এই হস্তান্তরে লালু প্রসাদ এবং তার স্ত্রী রাবড়ি ও ছোট ছেলে তেজস্বী আর্থিকভাবে লাভবান হয়েছেন। যে সংস্থা হোটেল দুটি কিনেছে তারা পাটনায় প্রায় ৩ একর জমি লালু প্রসাদের নামে লিখে দিয়েছে এমন অভিযোগ নিয়েও তদন্ত শুরু করে সিবিআই।
এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কয়েক মাস আগে চার্জশিট জমা দিয়েছিল। তখন থেকেই জল্পনা ছিল এই মামলার পরিণতি নিয়ে। সোমবার আদালতের ঘোষণায় আরজেডি-সহ গোটা বিরোধী শিবির বিহার বিধানসভার মুখে বড় ধরনের চাপে পড়ল কোন সন্দেহ নেই। অন্যদিকে অবস্থান শক্ত হলো বিজেপি সহ এনডিএ শরিকদের।
আরজেডির (RJD) বিরুদ্ধে গুচ্ছ দুর্নীতির অভিযোগ রয়েছে। দলে এই তালিকায় এক নম্বরে রয়েছেন প্রতিষ্ঠাতা লালু প্রসাদ যাদব এবং তাঁর স্ত্রী ও পুত্র। বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে তেজস্বীকে মুখ্যমন্ত্রী প্রার্থী করে বিরোধী শিবির লড়াই করবে এমনটাই ঠিক হয়ে আছে। ইতিমধ্যে নির্বাচনের দিন ঘোষণা করে দিয়েছে কমিশন। আগামী মাসের ৬ ও ১১ তারিখ দু দফায় ভোট নেওয়া হবে ওই রাজ্যে। এমন সময় নতুন করে দুর্নীতির আরও এক মামলায় তেজস্বীর নাম জড়িয়েছে তাই শুধু নয়, আদালত বিচার শুরুর নির্দেশ জারি করেছে।
বিহারে ইন্ডি জোটের বেশিরভাগ শরিক তেজস্বীকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে মেনে নিয়েছে। ব্যতিক্রম কংগ্রেস। তারা এ ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। রেলের এই মামলায় আদালতে হাজিরা দিতে লালু, রাবড়ি, তেজস্বী বর্তমানে দিল্লিতে আছেন। এই সফরেই দিল্লিতে তেজস্বীর সঙ্গে রাহুল গান্ধীর বৈঠক হওয়ার কথা। আদালতের সোমবারের নির্দেশ জানার পর সেই বৈঠকের ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হলো বলে মনে করছে রাজনৈতিক মহল।