দীর্ঘ টানাপড়েন শেষে বিহারে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তেজস্বী যাদবের নাম ঘোষণা করল মহাগঠবন্ধন।

তেজস্বী যাদব
শেষ আপডেট: 23 October 2025 12:37
দ্য ওয়াল ব্যুরো: জল্পনার অবসান! বিহারে আসন্ন নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তেজস্বী যাদবের নাম ঘোষণা করল মহাগঠবন্ধন। টানা কয়েক সপ্তাহের টানাপড়েন, দর কষাকষি ও অভ্যন্তরীণ মতবিরোধের পর অবশেষে একমতে পৌঁছল বিরোধী শিবির।
বৃহস্পতিবার মহাগঠবন্ধনের তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) তরুণ নেতা তেজস্বী যাদবই হবেন জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। দলীয় সূত্রে খবর, এই সিদ্ধান্তে সায় দিয়েছে কংগ্রেস, বামদল-সহ মহাগঠবন্ধনের সব সহযোগী শিবিরই।
এর আগে বিহারের রাজনীতিতে নানা জল্পনা তৈরি হয়েছিল, কে হবেন বিরোধী জোটের মুখ, সে নিয়ে আলোচনা হয় বিস্তর। তেজস্বীর পাশাপাশি আরও কয়েকটি নাম উঠে আসে। অবশেষে আরজেডি নেতার পক্ষেই সমর্থন দিল বাকি দলগুলো।
তেজস্বী এই ঘোষণার পর বলেন, 'এটা কেবল আমার নয়, বিহারের যুবসমাজের লড়াই। আমরা একসঙ্গে রাজ্যের উন্নয়নের জন্য কাজ করব।'
রাজনৈতিক মহলে এই সিদ্ধান্তকে মহাগঠবন্ধনের জন্য বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এখন দেখার, আগামী নির্বাচনে এই ঐক্যবদ্ধ বিরোধী ফ্রন্ট কতটা শক্ত প্রতিপক্ষ হয়ে ওঠে রাজ্যের শাসকদলের কাছে।