প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুই অভিযুক্ত এবং আক্রান্ত, তিন জনই স্থানীয় যদুবংশী স্কুলের ছাত্র।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 9 November 2025 15:37
দ্য ওয়াল ব্যুরো: বন্ধুকে বাড়িতে ডেকে বাবার বন্দুক দিয়ে গুলি চালাল কিশোর। সঙ্গ দিল আরেক বন্ধু। শনিবার রাতের ঘটনায় চাঞ্চল্য এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো ঝামেলার প্রতিশোধ নিতেই এই ঘটনা।
ব্যবহৃত বন্দুকটির লাইসেন্স ছিল বলে জানা যাচ্ছে। মূল অভিযুক্ত অর্থাৎ যে গুলি চালায় তার বাবার পিস্তল এটি। জখম কিশোর বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। দুই অভিযুক্তকেই আটক করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুই অভিযুক্ত এবং আক্রান্ত, তিন জনই স্থানীয় যদুবংশী স্কুলের ছাত্র। ঘটনার দিন রাতে প্রধান অভিযুক্ত গুরুগ্রামের অভিজাত আবাসনে বাবার ভাড়া নেওয়া ফ্ল্যাটে ওই সহপাঠীকে ডেকে পাঠায়। যেতে না চাইলে জোর করে সে। পরে ওই কিশোর গিয়ে দেখে একজন নয়, তার আরেক বন্ধুও রয়েছে সেখানে।
জখম ছাত্রের মায়ের যদিও অভিযোগ, প্রধান অভিযুক্ত ফোন করে তাঁর ছেলেকে দেখা করতে বলে। প্রথমে সে অস্বীকার করলেও পরে অভিযুক্তের জোরাজুরিতে দেখা করতে রাজি হয়। সে নিজেই এসে ওই কিশোরকে বাড়ি থেকে নিয়ে যায়।
গুলি চলার আওয়াজ পেয়ে স্থানীয়রা আসেন। খবর পৌঁছয় স্থানীয় থানায়। কিশোরকে স্থানীয় মেদান্ত হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রাই। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচটি তাজা কার্তুজ, একটি খালি খোসা এবং আরও একটি ম্যাগাজিনে থাকা ৬৫টি কার্তুজ উদ্ধার করেছে।
ঘটনাস্থলে ফরেনসিক টিম পৌঁছে নমুনা সংগ্রহ করেছে। পুলিশের বক্তব্য, ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে এবং বিস্তারিত তদন্ত চলছে।
গুরুগ্রাম পুলিশ সমস্ত আগ্নেয়াস্ত্রের মালিকদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছে, লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রগুলি যেন সবসময় নিরাপদে ও সন্তানের নাগালের বাইরে রাখা হয়, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।