বারবার এই ধরনের সমস্যায় যাত্রীদের মধ্যে স্বাভাবিকভাবেই বাড়ছে উদ্বেগ। তবে সংস্থার দাবি, যাত্রী নিরাপত্তার বিষয়ে তারা বিন্দুমাত্র আপস করে না এবং প্রযুক্তিগত সতর্কতা অনুযায়ী সমস্ত পদক্ষেপ করা হচ্ছে।

সংগৃহীত ছবি
শেষ আপডেট: 31 July 2025 17:56
দ্য ওয়াল ব্যুরো: আবারও মাঝপথে থেমে গেল এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক উড়ান। বৃহস্পতিবার দিল্লি থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার বিমান (ফ্লাইট নম্বর AI2017) যাত্রা শুরু করার কিছুক্ষণের মধ্যেই ফিরে এল বেসে। সংস্থার তরফে জানানো হয়েছে, সন্দেহজনক প্রযুক্তিগত ত্রুটি দেখা দেওয়ায় ককপিট ক্রুরা সাবধানতামূলক পদক্ষেপ হিসেবে উড়ান বাতিল করেন এবং বিমানটিকে ফিরিয়ে আনেন।
এয়ার ইন্ডিয়ার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, '৩১ জুলাই দিল্লি থেকে লন্ডনগামী ফ্লাইট AI2017-কে সম্ভাব্য প্রযুক্তিগত সমস্যার কারণে বেসে ফিরিয়ে আনা হয়েছে। রানওয়ে ছাড়ার আগেই ককপিট ক্রুরা সিদ্ধান্ত নেন যে টেক-অফ স্থগিত রাখা হবে। নিয়ম মেনেই বিমানটি ফিরিয়ে এনে পরীক্ষা করা হচ্ছে।'
তবে এই ঘটনায় যাত্রীদের যাতে কোনও সমস্যা না হয়, সেই ব্যবস্থা করছে সংস্থা। অন্য একটি বোয়িং ৭৮৭-৯ বিমান খুব দ্রুত প্রস্তুত করে যাত্রীদের লন্ডন পাঠানো হবে বলে জানানো হয়েছে। সংস্থার এক আধিকারিক বলেন, 'যাত্রীদের অসুবিধা যতটা সম্ভব কমিয়ে আনতেই আমাদের গ্রাউন্ড স্টাফ সব রকম সাহায্য করছে।'
তবে ঠিক কত জন যাত্রী এই বিমানে ছিলেন, তা এখনও জানা যায়নি।
এই ঘটনা বিচ্ছিন্ন নয়। এই মাসেই একাধিকবার এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে টাটা গোষ্ঠীর মালিকানাধীন এয়ার ইন্ডিয়া। গত সপ্তাহেই জয়পুর থেকে মুম্বইগামী একটি এয়ার ইন্ডিয়ার বিমান উড়ানের ১৮ মিনিটের মধ্যে ফিরিয়ে আনা হয়েছিল। সেখানেও প্রযুক্তিগত ত্রুটি দেখা দিয়েছিল। যদিও পরে সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সেটা ছিল একটি ‘ফলস অ্যালার্ট’ বা ভুল বার্তা।
এর আগে, কেরলের কোঝিকোড় বিমানবন্দর থেকে দোহাগামী একটি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানে সমস্যা দেখা দেয় বিমানের এয়ার কন্ডিশনিং ব্যবস্থায়। তখনও দু'ঘণ্টা পরে বিমানটি ফিরে এসেছিল কোঝিকোড়ে। যদিও জরুরি অবতরণের পরিস্থিতি তৈরি হয়নি বলে জানান আধিকারিকেরা।
বারবার এই ধরনের সমস্যায় যাত্রীদের মধ্যে স্বাভাবিকভাবেই বাড়ছে উদ্বেগ। তবে সংস্থার দাবি, যাত্রী নিরাপত্তার বিষয়ে তারা বিন্দুমাত্র আপস করে না এবং প্রযুক্তিগত সতর্কতা অনুযায়ী সমস্ত পদক্ষেপ করা হচ্ছে।