মৃতা মহিলার নাম হরিণী, বয়স ৩৩। তাঁর দুটি সন্তানও রয়েছে।

হরিণী ও যশাস।
শেষ আপডেট: 9 June 2025 15:08
দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর একটি হোটেলের ঘরে এক মহিলাকে কুপিয়ে খুন করা হয়েছে। গত শুক্রবার রাতে ঘটনাটি ঘটলেও দুদিন পর সোমবার বিষয়টি ফাঁস হল। মৃতা মহিলার নাম হরিণী, বয়স ৩৩। তাঁর দুটি সন্তানও রয়েছে। অভিযুক্ত যুবক তাঁর থেকে ৮ বছরের ছোট। তাঁর নাম যশাস। তিনি তথ্যপ্রযুক্তি কর্মী।
পুলিশ জানিয়েছে, দুজনেই বেঙ্গালুরুর পশ্চিম শহরতলি কেঙ্গরির বাসিন্দা। পূর্ণপ্রজ্ঞা লেআউট এলাকার একটি OYO হোটেলের ঘরে খুনের ঘটনাটি ঘটে। ছুরি দিয়ে হরিণীকে খুন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের এক কর্তা জানান, ৬-৭ তারিখের রাতে খুন করা হয় হরিণীকে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, হরিণী তাঁর বৈবাহিক সম্পর্কের কারণে এই প্রেম ছেড়ে বেরিয়ে আসতে চেয়েছিলেন। সেই আক্রোশবশত প্রেমিকার শরীরে ১৭ বার ছুরি দিয়ে কোপান যশাস, দাবি পুলিশের। পুলিশ আরও জানিয়েছে, হরিণীর পরিবারের লোকজন তাঁর এই বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরে গিয়েছিলেন। যশাস ও হরিণীর মধ্যে প্রায় বছরখানেক ধরে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় ছিল।
সূত্র জানিয়েছে, মাস দুয়েক হতে চলল হরিণী এই সম্পর্ক ভাঙার চেষ্টা করছিলেন। কিন্তু, যশাস চাইছিলেন প্রেম টিকিয়ে রাখতে। তাই হোটেলে নিয়ে গিয়ে খুনের পরিকল্পনা করেন তিনি।
এদিকে, অন্য একটি ঘটনায় স্ত্রীর মুণ্ডচ্ছেদের অভিযোগে শঙ্কর নামে ২৮ বছরের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক আছে স্ত্রী মনসার, এই সন্দেহ আগেই ছিল বেঙ্গালুরুর শঙ্করের। সেই আশঙ্কাই সত্যি হল। নিজের বাড়িতেই মনসাকে তাঁর প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন যুবক। এরপরই তুমুল ঝামেলা শুরু হয়। রাগে স্ত্রীকে খুন করে ধারাল অস্ত্র দিয়ে ধর থেকে মুন্ডু কেটে আলাদা করে দেন। এরপর সেই কাঁটা মুণ্ডু নিয়েই থানায় আত্মসমর্পণ করেন শঙ্কর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৬ বছরের মনসা এবং ২৮ বছরের শঙ্কর কিছুদিন আগেই বেঙ্গালুরুর আনেকাল এলাকায় ভাড়া আসেন। অনেকদিন ধরেই স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে যুবকের সন্দেহ ছিল। তাই গত ৩ জুন রাতে শঙ্কর বাড়ি থেকে বেরোন। স্ত্রীকে বলে যান, পরের দিন সকালে ফিরবেন। কিন্তু সেই রাতেই ফিরে বাড়ি ফিরে আসেন শঙ্কর এবং নিজের ঘরে বিছানায় অন্য পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পান।