কিন্তু তালিকায় নাম বাদ পড়ার সামগ্রিক হিসেবে উত্তরপ্রদেশ সবাইকে ছাপিয়ে যেতে পারে। শুধুমাত্র খসড়া তালিকাতেই সেখানে প্রায় ২ কোটি ৮৯ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। চূড়ান্ত তালিকায় এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফাইল ছবি
শেষ আপডেট: 7 April 2026 16:51
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) প্রথম দফার ভোটগ্রহণ ২৩ এপ্রিল। তার আগেই বড়সড় রদবদল ঘটে গেছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় (West Bengal SIR Final Voter List)। কারণ নাম বাদ গেছে ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ ভোটারের। আপাতদৃষ্টিতে মনে হতে পারে, এটাই সর্বোচ্চ। কিন্তু ভোটমুখী রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি নাম বাদ গিয়েছে তামিলনাড়ুতে। সে রাজ্যে মোট ৯৭.৩৭ লক্ষ ভোটারের নাম বাদ গেছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে।
গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা (West Bengal SIR Final Voter List) প্রকাশের সময়ে কমিশন জানিয়েছিল, ৬৬ লক্ষ ৬৩ হাজার ভোটারের নাম বাদ গেছে। তার পরেও বিবেচনাধীন তথা অ্যাডজুডিকেশনের তালিকায় ছিল ৬০ লক্ষ ৬ হাজার ভোটারের নাম।
রিপোর্ট অনুযায়ী, সমগ্র পশ্চিমবঙ্গে মোট ৬০,০৬,৬৭৫ জন ব্যক্তির তথ্য যাচাইয়ের জন্য জুডিশিয়াল অফিসারদের দায়িত্ব দিয়েছিল সুপ্রিম কোর্ট। এর মধ্যে যোগ্য বলে বিবেচিত (Found Eligible) হয়েছে ৩২,৬৮,১১৯ জন। অযোগ্য বলে বিবেচিত (Found Not Eligible) হয়েছে ২৭,১৬,৩৯৩ জন।
বিহারের প্রথম দফার পর দ্বিতীয় ধাপে পশ্চিমবঙ্গ-সহ মোট ৯টি রাজ্য এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে এই বিশেষ সংশোধন প্রক্রিয়া চালানো হয়। এই তালিকায় তামিলনাড়ু ছাড়াও ছিল গুজরাত, কেরল, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, ছত্তীসগঢ়, গোয়া, পুদুচেরি, আন্দামান-নিকোবর এবং লক্ষদ্বীপ। উত্তরপ্রদেশ বাদে বাকি সব রাজ্যের চূড়ান্ত তালিকা আগেই প্রকাশিত হয়েছে। সেই প্রেক্ষিতে বলা যায়, নাম বাদের তালিকায় তামিলনাড়ু শীর্ষে রয়েছে।
কিন্তু তালিকায় নাম বাদ পড়ার সামগ্রিক হিসেবে উত্তরপ্রদেশ সবাইকে ছাপিয়ে যেতে পারে। শুধুমাত্র খসড়া তালিকাতেই সেখানে প্রায় ২ কোটি ৮৯ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। চূড়ান্ত তালিকায় এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে কেরলে ৮ লক্ষ ৯৭ হাজার নাম বাদ যাওয়ার পর কেরলের বর্তমান ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬৯ লক্ষ। রাজস্থান এবং মধ্যপ্রদেশের ক্ষেত্রেও ছবিটা একই রকম। মধ্যপ্রদেশে ৩৪ লক্ষ ২৫ হাজার এবং রাজস্থানে প্রায় ৩১ লক্ষ ৩৬ হাজার নাম তালিকা থেকে বাদ পড়েছে। ছত্তীসগঢ়েও প্রায় ২৪ লক্ষ ৯৯ হাজার ভোটারের নাম ছাঁটাই করা হয়েছে।
গুজরাতে ৫ কোটি ৮ লক্ষ ভোটার থেকে সংখ্যাটি কমে দাঁড়িয়েছে ৪ কোটি ৪০ লক্ষে। ছোট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে গোয়ায় ১ লক্ষ ২৭ হাজার, পুদুচেরিতে ১ লক্ষ ৩ হাজার এবং আন্দামান-নিকোবরে ৫২ হাজার নাম তালিকা থেকে সরানো হয়েছে। সারা দেশের এই ভোটার তালিকার রদবদল যে আসন্ন নির্বাচনের সমীকরণ বদলে দিতে পারে, তা নিয়ে এখন থেকেই চর্চা শুরু হয়েছে।