এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন।

স্ট্যালিন
শেষ আপডেট: 3 November 2025 09:47
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ ও কেরলের পর আরও একটি রাজ্য ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে প্রশ্ন তুলল। এসআইআর আটকাতে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তামিলনাড়ুর ডিএমকে সরকার। মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর বক্তব্য, যেভাবে বিধানসভা নির্বাচনের মুখে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছে তা সন্দেহজনক। তামিলনাড়ুতে এপ্রিল মাসে বিধানসভার নির্বাচনের জন্য ভোটগ্রহণ করার কথা। স্ট্যালিনের বক্তব্য, নির্বাচনের পাঁচ মাস আগে ভোটার তালিকা সংশোধনের এই মহাযজ্ঞ সন্দেহজনক। এই কাজ আরও আগে করা উচিত ছিল।
এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। বাংলার মুখ্যমন্ত্রী মঙ্গলবার কলকাতায় দলের পদযাত্রায় পা মেলাবেন। থাকবেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এফআইআরের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আছে তৃণমূলের। বিপুল সংখ্যক বৈধ ভোটারের নাম কেটে দেওয়া হতে পারে বলে দল আশঙ্কা করছে।
কেরলের সিপিএম মুখ্যমন্ত্রী বিজয়নও এসআইআর-এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনিও মনে করেন ভোটমুখী রাজ্যে ভোটার তালিকার এমন সংশোধন কর্মসূচি সন্দেহজনক। বিজেপির স্বার্থরক্ষা করতেই কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে বলে কেরল সরকার মনে করছে।
তামিলনাড়ুর বৈঠকে বিহারে ভোটার তালিকা সংশোধনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ওই রাজ্যে সংখ্যালঘু এবং বিজেপি বিরোধী ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর। বিহারে এসআইআর শুরুর পর সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়েছিল। তামিলনাড়ু সরকারের বক্তব্য, বিহার নিয়ে শীর্ষ আদালত কোন আপত্তি না তুললেও মামলার চূড়ান্ত রায় এখনও দেয়নি। এই পরিস্থিতিতে রাজ্য সরকার ওই মামলায় শরিক হতে চায়।