আগামী পাঁচ থেকে ছয় বছরের মধ্যে ভারতে প্রায় ৭০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে সুজুকি মোটর কর্পোরেশন।
_0.jpeg.webp)
এই কারখানার প্রথম উৎপাদিত গাড়ি হবে মারুতি সুজুকি ই-ভিটারা
শেষ আপডেট: 26 August 2025 13:26
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) হাত ধরে ভারতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল মারুতি সুজুকির (Maruti Suzuki) প্রথম ইলেকট্রিক গাড়ির উৎপাদন। শনিবার গুজরাতের হানসালপুরে (Maruti Suzuki Hansalpur Plant) নতুন উৎপাদন কারখানার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল (Bhupendra Patel), জাপানের রাষ্ট্রদূত কেইইচি ওনো, সুজুকি মোটর কর্পোরেশনের প্রেসিডেন্ট তোশিহিরো সুজুকি-সহ সংস্থার শীর্ষ আধিকারিকরা।
কারখানার উদ্বোধনের মঞ্চ থেকেই বড় ঘোষণা করলেন তোশিহিরো সুজুকি (Toshihiro Suzuki)। তিনি জানান, আগামী পাঁচ থেকে ছয় বছরের মধ্যে ভারতে প্রায় ৭০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে সুজুকি মোটর কর্পোরেশন। এই বিনিয়োগের লক্ষ্য দেশের ইলেকট্রিক গাড়ির উৎপাদনকে গতি দেওয়া এবং ‘বিকশিত ভারত’ গড়ার অভিযানে পাশে থাকা।
তোশিহিরো সুজুকি বলেন, “গত চার দশকেরও বেশি সময় ধরে ভারতের যাত্রায় আমরা গর্বের সঙ্গে সঙ্গী হয়েছি। এবার ভারতের সবুজ টেকসই পরিবহণের লক্ষ্যে আরও বড় ভূমিকা নিতে চাই।”
উদ্বোধন হওয়া হানসালপুর কারখানাটি শুধু ভারতের নয়, বিশ্বের অন্যতম বৃহত্তম অটোমোবাইল উৎপাদন কেন্দ্রে পরিণত হবে বলে জানিয়েছেন তিনি। পরিকল্পনা অনুযায়ী, এখানে প্রতিবছর প্রায় ১০ লক্ষ গাড়ি তৈরির ক্ষমতা গড়ে তোলা হবে।
এই কারখানার প্রথম উৎপাদিত গাড়ি হবে মারুতি সুজুকি ই-ভিটারা (Suzuki E-Vitara), যা সংস্থার প্রথম ব্যাটারি চালিত ইলেকট্রিক এসইউভি। ভারতীয় বাজারের পাশাপাশি এই গাড়ি রফতানি করা হবে ইউরোপ, জাপান-সহ একশোরও বেশি দেশে। এর ফলে ভারত বৈশ্বিক ইলেকট্রিক গাড়ির মানচিত্রে একটি বড় জায়গা করে নেবে বলে আশা শিল্পমহলের।
শুধু ইলেকট্রিক গাড়ি নয়, সুজুকির এই উদ্যোগের আরেকটি বড় সাফল্য হল ভারতের প্রথম লিথিয়াম-আয়ন ব্যাটারি ও সেল উৎপাদন। টোশিবা-ডেনসো-সুজুকি যৌথ উদ্যোগে তৈরি এই ব্যাটারি ব্যবহার করা হবে মারুতি সুজুকির হাইব্রিড গাড়িতে, যেমন গ্র্যান্ড ভিটারা। জানা গিয়েছে, ব্যাটারির জন্য প্রয়োজনীয় কাঁচামাল এবং কিছু সেমিকন্ডাক্টর যন্ত্রাংশ ছাড়া প্রায় সবকিছুই ভারতের মাটিতেই তৈরি হচ্ছে।
উদ্বোধনের মঞ্চে এদিন প্রধানমন্ত্রী বলেন, “গণেশ উৎসবের আবহে আজ ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ যাত্রায় নতুন অধ্যায় যোগ হল। এটি আমাদের ‘মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড’-এর লক্ষ্যের দিকে এক বড় পদক্ষেপ। আজ থেকে ভারতে তৈরি ইলেকট্রিক গাড়ি ১০০ দেশে রফতানি হবে। সেই সঙ্গে শুরু হচ্ছে হাইব্রিড ব্যাটারি ইলেকট্রোলাইট উৎপাদনও।”
অতীতের প্রসঙ্গ টেনে মোদী স্মরণ করেন গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময়কার ঘটনা। তাঁর কথায়, “ভারতের এই সাফল্যের বীজ রোপিত হয়েছিল ১৩ বছর আগে, যখন আমরা মারুতি সুজুকিকে জমি বরাদ্দ করেছিলাম। ২০১২ সালে গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন হানসালপুরে এই জমি দেওয়া হয়েছিল।”
শিল্প বিশেষজ্ঞদের মতে, সুজুকির এই বিপুল বিনিয়োগ ভারতের ইলেকট্রিক গাড়ির ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করবে। একইসঙ্গে দেশের শিল্প ও কর্মসংস্থান ক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মত তাঁদের।