
ফাইল ছবি
শেষ আপডেট: 13 April 2024 16:46
দ্য ওয়াল ব্যুরো: গোলাপ যে নামেই ডাকো! বাবা-মা সাধ করে সন্তানের নাম রাখলেও তার সঙ্গে স্নেহের কোনও সম্পর্ক নেই। তবু অনেকেই সন্তানকে তাঁদের আরাধ্য দেবদেবীর আশীর্বাদ মনে করে ছেলেমেয়ের নামকরণ করেন। যেমন 'কৃষ্ণ উপাসিকা' প্রয়াত বিজেপি নেত্রী সুষমা স্বরাজের মনপ্রাণ জুড়ে ছিলেন বৃন্দাবনের লালা। মীরাবাইয়ের মতো ভক্তি না থাকলেও চোখ বুজলেই সুষমা স্বরাজ শুনতে পেতেন ব্রজের রাখালের বাঁশির সুর। তাই মেয়ে হওয়ার পর আদর করে নাম রেখেছিলেন বাঁশরী।
এবারের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকার চমক ছিল বাঁশরী স্বরাজের নাম। অটলবিহারী বাজপেয়ি মন্ত্রিসভার বিদেশমন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠার দিন থেকে সদস্য সুষমা স্বরাজের কন্যা বাঁশরী। দেশের গুরুত্বপূর্ণ কেন্দ্র নয়াদিল্লি থেকে বিজেপি তাঁকে প্রার্থী করেছে। সেই বাঁশরী এবার নিজেই খোলসা করলেন তাঁর নাম-মাহাত্ম্য।
তিনি বলেন, আমার মা ভগবান কৃষ্ণের ভক্ত ছিলেন। আর তাঁর বাবা স্বরাজ কৌশলের স্বপ্ন ছিল মেয়ের নাম হবে কোনও ভারতীয় বাদ্যের নামে। তাই দুইয়ে মিলে এক হয়ে বাঁশরী রাখা হয় মেয়ের নাম। সুষমার কৃষ্ণপ্রেমও বজায় থাকে এবং স্বামীর ভারতীয় বাজনার স্বপ্ন মিলেমিশে যায়। কারণ, বাঁশিহীন কৃষ্ণের ছবি কল্পনার অতীত।
সংবাদ সংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে বাঁশরী বলেন, আমার মা ছিলেন কৃষ্ণ উপাসিকা। তিনি বলতেন, কৃষ্ণের অন্যতম প্রিয় ছিল তাঁর বাঁশি। তবে তিনি বাঁশি বাজাতে পারেন না বলে হেসে ফেলেন বাঁশরী। যদিও একটু-আধটু গান গাইতে পারেন। আমি কোনওদিন বাঁশি মুখে ধরে ফুঁ পর্যন্ত দিইনি। তবে গান গাইতে পারি।
প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা-কন্যার এই প্রথম লোকসভা নির্বাচনে অভিষেক হতে চলেছে। নয়াদিল্লি লোকসভা কেন্দ্র থেকে আম আদমি পার্টির সোমনাথ ভারতীর মোকাবিলায় নামবেন বাঁশরী।
কে বাঁশরী স্বরাজ?
বাঁশরী সুপ্রিম কোর্টের খ্যাতনামা আইনজীবী। রাজনৈতিক ময়দানে তাঁর পরিচিতিই আইনের জগৎ থেকে। গতবছর দিল্লির আইন সেলের সহ আহ্বায়ক হিসেবে তাঁকে নিয়োগ করেছিল বিজেপি। আইনি পেশায় ১৫ বছর ধরে লড়ে যাচ্ছেন সুষমা-কন্যা। ওয়ারউইক বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষায় স্নাতক হওয়ার পর তিনি লন্ডনের বিপিপি ল কলেজ থেকে আইন পাশ করেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে সেন্ট ক্যাথরিনস কলেজ থেকে স্নাতকোত্তর করেন বাঁশরী।