আদালতের পরামর্শ, দম্পতিকে মধ্যস্থতার মাধ্যমে বিরোধ মেটাতে হবে। তার পাশাপাশি তাঁরা যেন সন্তানের ভাল থাকাকেও প্রাধান্য দেন।

সুপ্রিম কোর্ট
শেষ আপডেট: 15 October 2025 18:53
দ্য ওয়াল ব্যুরো: বিয়ের পর স্বামীকে নিজের ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করা উচিত নয়। শুধু তাই নয়, স্বামী-স্ত্রী উভয়েরই উচিত নিজেদের ইগো বা অহংবোধ দূরে সরিয়ে সন্তানের স্বার্থকে প্রাধান্য দেওয়া - বৈবাহিক সম্পর্কে বিরোধের এক মামলার শুনানি চলাকালীন এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।
বিচারপতি বিভি নাগারত্ন এবং আর মহাদেবন-এর বেঞ্চের পরামর্শ - দম্পতিকে মধ্যস্থতার মাধ্যমে বিরোধ মেটাতে হবে। তার পাশাপাশি তাঁরা যেন সন্তানের ভাল থাকাকেও প্রাধান্য দেন।
প্রসঙ্গত। এই মামলায় দুই পক্ষ, স্বামী ও স্ত্রী উভয়েই সরকারি কর্মচারী। স্বামী দিল্লিতে রেলওয়েতে কর্মরত, আর স্ত্রী পাটনার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় কাজ করেন। মহিলা বর্তমানে নিজের বাবা-মায়ের সঙ্গে থাকেন।
স্ত্রীর পরিবার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে যেখানে স্বামী জানিয়েছেন যে তিনি শ্বশুরবাড়িতে থাকতে পারবেন না।
দু'জনের মধ্যে বাড়তে থাকা এই টানাপড়েন তাঁদের সন্তানদের ওপরও প্রভাব ফেলছে বলে আদালতে উল্লেখ করা হয়েছে। মামলাটি সুপ্রিম কোর্টে পৌঁছলে স্ত্রী সেটি স্থানান্তরের জন্য আবেদন জানান।
দম্পতির বিয়ে হয়েছিল ২০১৮ সালে। তাঁদের এক মেয়ে (৫ বছর) ও এক ছেলে (৩ বছর) আছে। ২০২৩ সাল থেকেই তাঁরা আলাদা থাকতে শুরু করেন।