শীর্ষ আদালত জানায়, ভিখারি আশ্রয়কেন্দ্রে অমানবিক পরিস্থিতি শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, এটি মৌলিক অধিকার ভঙ্গের সামিল।

সুপ্রিম কোর্ট
শেষ আপডেট: 14 September 2025 19:12
দ্য ওয়াল ব্যুরো: ভিখারিদের আশ্রয়কেন্দ্র (beggars homes) কোনও স্বেছাসেবী উদ্যোগ নয়, বরং এটি রাজ্যের সাংবিধানিক দায়বদ্ধতা (constitutional morality)। মর্যাদাপূর্ণ জীবনযাপনের পরিবেশ নিশ্চিত (right to dignity) করতে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে ব্যাপক সংস্কারের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।
শীর্ষ আদালতের বিচারপতি জে বি পারদিওয়ালা ও আর মহাদেবনের বেঞ্চ জানায়, ভিখারি আশ্রয়কেন্দ্রে অমানবিক পরিস্থিতি শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, এটি মৌলিক অধিকার ভঙ্গের সামিল।
আদালতের নির্দেশ অনুযায়ী,
• ভর্তি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মেডিক্যাল চেকআপ বাধ্যতামূলক।
• মাসিক স্বাস্থ্য পরীক্ষা, রোগে বিশেষ নজরদারি ও সংক্রমণ প্রতিরোধে বিশেষ ব্যবস্থা করতে হবে।
• পানীয় জল, স্যানিটেশন, টয়লেট ও ভেক্টর কন্ট্রোলের ন্যূনতম মান বজায় রাখতে হবে।
• প্রত্যেক আশ্রয়কেন্দ্রে ভিড় যেন অনুমোদিত ক্ষমতার বেশি না হয়।
• সঠিক আবাসন, বাতাস চলাচল ও খোলা জায়গার ব্যবস্থা রাখতে হবে।
• খাদ্যের মান ও পুষ্টিগুণ যাচাইয়ের জন্য যোগ্য ডায়েটিশিয়ান নিয়োগ করতে হবে।
• ভোকেশনাল ট্রেনিং ও দক্ষতা উন্নয়ন প্রোগ্রামের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
শুধু তাই নয়, ভিখারিদের আইনি অধিকার সম্পর্কে অবহিত করা হবে এবং তিন মাস অন্তর ফ্রি লিগ্যাল এইডের ব্যবস্থা থাকবে। মহিলা ও শিশুদের জন্য আলাদা সুবিধা, শিশুদের জন্য শিক্ষা ও পরামর্শের ব্যবস্থা করতে হবে।
আদালত আরও জানিয়েছে, শিশু ভিক্ষুকদের ভিখারি আশ্রয়কেন্দ্রে নয়, বরং জুভেনাইল জাস্টিস আইনের আওতায় শিশু কল্যাণ কেন্দ্রে পাঠাতে হবে।
প্রতিটি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে মনিটরিং কমিটি তৈরি হবে, বার্ষিক প্রতিবেদন প্রকাশ করতে হবে।
আদালত আরও জানায়, অবহেলা, মৌলিক সুবিধার অভাব বা চিকিৎসার ব্যর্থতায় কারও মৃত্যু হলে রাজ্যকে ক্ষতিপূরণ দিতে হবে এবং দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
এই মামলার সূত্রপাত হয়েছিল দিল্লির ল্যাম্পুর আশ্রয়কেন্দ্রে পানীয় জলে কলিফর্ম ব্যাকটেরিয়া মিশে গিয়ে কলেরা ও গ্যাস্ট্রোএন্টেরাইটিস ছড়িয়ে পড়ার ঘটনার পর।
এছাড়া কেন্দ্রীয় সমাজকল্যাণ মন্ত্রককে আগামী তিন মাসের মধ্যে মডেল গাইডলাইন তৈরির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, যাতে সব রাজ্যে সমানভাবে এই নীতিগুলো কার্যকর হয়।