সলিসিটর জেনারেল মেহতা বলেন, দেওয়ালি রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত অন্তত পরিবেশ বান্ধব বাজি পোড়ানোর অনুমতি দেওয়া দেওয়া যেতে পারে।

মেহতা বলেন, বাচ্চাদের অন্তত দুটো দিন বাজি পুড়িয়ে উৎসবের আনন্দ উপভোগ করতে দেওয়া যেতে পারে।
শেষ আপডেট: 10 October 2025 16:21
দ্য ওয়াল ব্যুরো: দেওয়ালিতে দিল্লি ও সংলগ্ন ন্যাশনাল ক্যাপিটাল রিজওন এলাকায় পরিবেশ বান্ধব বাজি পোড়ানোর অনুমতি দেওয়ার আর্জি সুপ্রিম কোর্টে। এনসিআরের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা শুক্রবার এই আবেদন করেন শীর্ষ আদালতের কাছে। দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চের কাছে সলিসিটর জেনারেল মেহতা বলেন, দেওয়ালি রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত অন্তত পরিবেশ বান্ধব বাজি পোড়ানোর অনুমতি দেওয়া দেওয়া যেতে পারে।
মেহতা বেঞ্চকে বলেন, আমরা একটা পরামর্শ দিতে পারি যে, দেওয়ালিতে বাজি পোড়ানো নিয়ে এনসিআর একটি ভারসাম্য বজায়কারী পরামর্শ দিচ্ছে। যাতে রাতে অন্তত ২ ঘণ্টা বাজি পোড়ানোর অনুমতি দেওয়া যেতে পারে। কিছু শর্ত আরোপ করে এই অনুমতি দেওয়ার প্রার্থনা করা হয়েছে। তার মধ্যে প্রথমটিই হল ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের অনুমোদিত পরিবেশ বান্ধব বাজি তৈরি, বিক্রি ও পোড়াতে হবে।
শর্তের দ্বিতীয়টি হল, দিল্লি সরকার, এনসিআর কর্তৃপক্ষ এবং পেট্রলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভস সেফটি অর্গানাইজেশনকে দায়িত্ব নিতে হবে, যাতে কোনও আপত্তিকর বাজি উৎপাদন, বিক্রি অথবা পোড়ানো না হয়। মেহতা বলেন, বাচ্চাদের অন্তত দুটো দিন বাজি পুড়িয়ে উৎসবের আনন্দ উপভোগ করতে দেওয়া যেতে পারে।
মেহতা আরও বলেন, চেন পটকা জাতীয় লরি যেন ফাটানো না হয়, সে ব্যাপারে সতর্ক থাকা জরুরি। বাজি বিক্রি করতে হবে একমাত্র লাইসেন্সধারী ব্যবসায়ীদের, যাঁরা শুধুমাত্র অনুমোদিত বাজিই বিক্রি করতে পারবেন। ই-কমার্স ওয়েবসাইটে বাজি বিক্রি করা চলবে না। এ ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠানও অনলাইন সেল করবে না।
মেহতা আরও বলেন, ইংরেজি নববর্ষ বরণের রাতে কেবলমাত্র রাত ১১টা ৫৫ মিনিট থেকে সাড়ে ১২টা পর্যন্ত বাজি পোড়ানোর প্রস্তাব রাখা হচ্ছে। গুরুপরবের দিন সকাল ৪টে থেকে ৫টা এবং রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত বাজি পোড়ানোর অনুমতি দেওয়া হোক। বিয়েশাদিতেও পরিবেশ বান্ধব বাজি পোড়ানোর অনুমতি দিতে পারে সুপ্রিম কোর্ট। যদিও সুপ্রিম কোর্ট এদিন রায়দান স্থগিত রেখেছে।