
উত্তরপ্রদেশে বিজেপি নেতৃত্বাধীন যোগী আদিত্যনাথ সরকারের আমলে বারবার ‘বুলডোজার’ দাওয়াই দেখা গিয়েছে।
শেষ আপডেট: 1 April 2025 15:26
দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্ট প্রয়াগরাজে 'জবরদস্তিমূলক' নির্মাণ কাঠামো ধ্বংসের জন্য উত্তরপ্রদেশ সরকারকে তীব্র ভর্ৎসনা করে মঙ্গলবার। সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, এটি তাদের বিবেককে আঘাত করেছে। বিচারপতি অভয় এস ওকা এবং উজ্জ্বল ভুঁইঞাকে নিয়ে গঠিত বেঞ্চ অভিযুক্তকে সময় না দিয়ে, নোটিস দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে যেভাবে বাড়িগুলি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তার তীব্র সমালোচনা করে।
শীর্ষ আদালত বলে, আমাদের বিবেককে নাড়া দেয় যে কীভাবে বাড়িগুলি জোর করে ভেঙে ফেলা হয়েছে। যেভাবে পুরো প্রক্রিয়াটি পরিচালিত হয়েছে তা মর্মান্তিক। আদালত এই ধরনের প্রক্রিয়া সহ্য করতে পারে না। যদি আমরা একটি ক্ষেত্রে সহ্য করি তবে এটি চলতেই থাকবে, বেঞ্চ বলেছে।
উল্লেখ্য, উত্তরপ্রদেশে বিজেপি নেতৃত্বাধীন যোগী আদিত্যনাথ সরকারের আমলে বারবার ‘বুলডোজার’ দাওয়াই দেখা গিয়েছে। সামান্যতম কারণে বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে অভিযুক্তের বাড়ি। বারবার এমন ঘটনায় যোগী আদিত্যনাথ সরকারকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। অভিযোগ, ২০২১ সালে গ্যাংস্টার নেতা আতিক আহমেদের সম্পত্তি লাগোয়া একাধিক বাড়ি ভেঙে দিয়েছিল প্রয়াগরাজ প্রশাসন। ওই ঘটনায় প্রত্যেক ক্ষতিগ্রস্তকে ১০ লক্ষ করে ক্ষতিপূরণের নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। বিচারপতিদের পর্যবেক্ষণ, অবৈধ বুলডোজার নীতি ‘অসংবেদনশীলতার’ জলজ্যান্ত উদাহরণ। ‘বিবেকের বিসর্জন’ দিয়েছে প্রশাসন।
শীর্ষ আদালত জানিয়েছে, উত্তরপ্রদেশে যা ঘটেছে তা ‘অমানবিক এবং অবৈধ’। ২০২১ সালে আইনের পরোয়া করে যাঁদের বাড়ি ভাঙা হয়েছিল, সেই প্রয়াগরাজের লুকারঞ্জের বাসিন্দা এক আইনজীবী, এক অধ্যাপক এবং দুজন মহিলাকে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ক্ষতিপূরণ হিসাবে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে প্রয়াগরাজ প্রশাসন। আদালতের আরও পর্যবেক্ষণ, এটি একটি দুর্ভাগ্যজনক পরিস্থিতি যেখানে অবৈধভাবে ভাঙন চলছে। অথচ জড়িত ব্যক্তিদের নির্মাণ করার ক্ষমতা নেই।