বিহারের ভোটার তালিকা থেকে বহু মানুষের নাম বাদ পড়লেও (Bihar SIR) কোনও রাজনৈতিক দল আপত্তি জানায়নি। এ নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট বলল, দলগুলিকে ভোটারদের পাশে দাঁড়াতেই হবে।

বিহারের ভোটার তালিকা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট।
শেষ আপডেট: 22 August 2025 14:12
দ্য ওয়াল ব্যুরো: বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে জোরকদমে। তারই খসড়া তালিকা প্রকাশিত হতেই দেখা গেছে, বহু মানুষের নাম তালিকা থেকে বাদ পড়েছে। কিন্তু এমন গুরুতর পরিস্থিতিতেও রাজনৈতিক দলগুলোর কার্যত কোনও হেলদোল নেই বলে অভিযোগ। সেই নিষ্ক্রিয়তা নিয়েই তীব্র অসন্তোষ প্রকাশ করল দেশের সর্বোচ্চ আদালত।
শুক্রবার সুপ্রিম কোর্ট জানায়, খসড়া ভোটার তালিকা নিয়ে যেভাবে জনগণের মধ্যে সমালোচনা চলছে, তাতে রাজনৈতিক দলগুলোর উচিত ছিল সক্রিয়ভাবে এগিয়ে এসে মানুষের অভিযোগ জানাতে সাহায্য করা। কিন্তু বাস্তবে তা হয়নি। আদালতে নির্বাচন কমিশন স্পষ্ট জানায়, বিহারের কোনও বড় রাজনৈতিক দলই খসড়া তালিকা নিয়ে কোনও আপত্তি কিংবা অভিযোগ দায়ের করেনি। অথচ জনসাধারণের মধ্যে এ নিয়ে যথেষ্ট ক্ষোভ রয়েছে।
এখানেই আদালত কড়া ভাষায় মন্তব্য করে— “আমরা শুধু অবাক হচ্ছি রাজনৈতিক দলগুলোর এই নিষ্ক্রিয়তায়। বুথ লেভেল এজেন্ট (বিএলএ) নিয়োগ করার পর তাঁরা আসলে কী করছেন? সাধারণ মানুষের সঙ্গে স্থানীয় রাজনৈতিক প্রতিনিধিদের এই দূরত্ব কেন? রাজনৈতিক দলগুলির দায়িত্ব রয়েছে ভোটারদের পাশে দাঁড়ানোর।”
শীর্ষ আদালত শুধু সমালোচনায় থামেনি, সরাসরি ১২টি রাজনৈতিক দলকে মামলায় অন্তর্ভুক্ত করেছে। আদালতের নির্দেশ, প্রতিটি রাজনৈতিক দলকে তাদের কর্মীদের স্পষ্ট নির্দেশ দিতে হবে যেন তাঁরা মানুষের অভিযোগ জানাতে সাহায্য করেন। নির্বাচন কমিশনের তালিকাভুক্ত ১১টি নথির যে কোনও একটি, কিংবা আধার কার্ড ব্যবহার করে মানুষ অভিযোগ জানাতে পারবেন। রাজনৈতিক দলগুলির দায়িত্ব থাকবে সেই প্রক্রিয়ায় সাধারণ মানুষকে সহযোগিতা করার।
বিহারে ভোটের আগে এই নির্দেশ ও মন্তব্য নিঃসন্দেহে চাপ বাড়াবে সব রাজনৈতিক দলের উপরেই। কারণ সুপ্রিম কোর্টের চোখে এখন শুধু নির্বাচন কমিশন নয়, বরং রাজনৈতিক দলগুলোরও সমান ভূমিকা রয়েছে যেন প্রতিটি প্রকৃত ভোটার তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে।