দায়িত্ব নেওয়ার পর এক্স হ্যান্ডেলে সুনেত্রা লেখেন, নতুন দায়িত্বে তিনি গভীর আস্থা, কর্তব্যবোধ ও ত্যাগের অনুভূতি নিয়ে কাজ শুরু করছেন।

শেষ আপডেট: 10 February 2026 22:46
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের নতুন উপমুখ্যমন্ত্রী (Maharashtra Deputy CM) সুনেত্রা পাওয়ার মঙ্গলবার রাজ্য সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে নিজের মন্ত্রিত্বের দায়িত্ব গ্রহণ করলেন (Sunetra Pawar takes charge ministerial duties)। স্বামী ও প্রাক্তন ডেপুটি সিএম অজিত পাওয়ার (Ajit Pawar) বিমান দুর্ঘটনায় মৃত্যুর ১৩ দিন পর তিনি প্রথমবার মন্ত্রিসভার বৈঠকেও যোগ দেন।
দিনের শুরুতে পুনে থেকে মুম্বই এসে সুনেত্রা পাওয়ার প্রথমে সিদ্ধিবিনায়ক মন্দিরে প্রার্থনা করেন। পরে দাদারের চৈত্যভূমিতে ড. বি. আর. আম্বেদকরের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। বড় ছেলে পার্থ পাওয়ারকে (Parth Pawar) সঙ্গে নিয়ে তিনি এনসিপি দফতরে যান, সেখানে দলীয় বিধায়ক ও মন্ত্রীদের সঙ্গে দেখা করে মন্ত্রালয়ে রওনা দেন।
পার্থ ছাড়াও এনসিপি-র প্রবীণ নেতা প্রফুল পটেল, সুনীল তটকারে, ছগন ভুজবল ও ধনঞ্জয় মুণ্ডে সুনেত্রাকে মন্ত্রালয়ে ডেপুটি সিএমের দফতর পর্যন্ত এগিয়ে দেন। পরে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সভাপতিত্বে তাঁর প্রথম মন্ত্রিসভা বৈঠকে উপস্থিত থাকেন সুনেত্রা।
দায়িত্ব নেওয়ার পর এক্স হ্যান্ডেলে সুনেত্রা লেখেন, নতুন দায়িত্বে তিনি গভীর আস্থা, কর্তব্যবোধ ও ত্যাগের অনুভূতি নিয়ে কাজ শুরু করছেন। তাঁর কথায়, “মহারাষ্ট্রের উন্নয়নে অজিত পাওয়ার সাহেবের আজীবন অঙ্গীকার ও মানুষের জন্য তাঁর নিরলস পরিশ্রম আমাকে সবসময় পথ দেখাবে।”
গত ৩১ ডিসেম্বর, পুনে জেলায় বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যুর তিন দিন পর সুনেত্রা শপথ নেন। তাঁকে রাজ্য আবগারি শুল্ক, ক্রীড়া ও যুবকল্যাণ এবং সংখ্যালঘু উন্নয়ন ও ওয়াক্ফ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে, যেগুলি আগে অজিত পাওয়ারের কাছেই ছিল (অর্থ দফতর বাদে)।
তিনি জানান, অজিত পাওয়ারের কাজের ধারা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং মানুষের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক থেকেই তিনি শক্তি নেবেন। কৃষক, মহিলা, যুবক ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ এবং অজিতের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নই হবে তাঁর অগ্রাধিকার।
সুনেত্রা আরও বলেন, “অজিত পাওয়ার সাহেবের জায়গা কেউ নিতে পারবে না। কিন্তু তাঁর উত্তরাধিকার রক্ষা করে আরও শক্তিশালী ও সক্ষম মহারাষ্ট্র গড়ার জন্য আমি আন্তরিক চেষ্টা করব।” কঠিন সময়ে মানুষের ভালবাসা, সমর্থন ও বিশ্বাসই তাঁর সবচেয়ে বড় শক্তি বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে, এনসিপি (এসপি) বিধায়ক তথা ভাইপো রোহিত পাওয়ার মিশ্র অনুভূতির কথা জানিয়েছেন। তাঁর মতে, অজিত পাওয়ারের অনুপস্থিতি গভীর ব্যক্তিগত শোকের, তবে একই সঙ্গে সুনেত্রার দায়িত্ব নেওয়া স্বস্তির। তিনি বলেন, ছত্রপতি শিবাজি মহারাজ, মহাত্মা ফুলে, শাহু মহারাজ ও ড. আম্বেদকরের আদর্শে অনুপ্রাণিত হয়ে সুনেত্রা সাধারণ মানুষের উন্নয়নকে সামনে রেখেই কাজ করবেন বলে তাঁর পূর্ণ বিশ্বাস।
রোহিত আরও দাবি করেন, মহারাষ্ট্র জুড়ে লক্ষ লক্ষ কর্মী চান, সুনেত্রা পাওয়ার শীঘ্রই দলের জাতীয় সভাপতির দায়িত্বও গ্রহণ করুন, যদিও কয়েকজন নেতার তা পছন্দ নাও হতে পারে।