উত্তরপ্রদেশের মৈনপুরী জেলায় এক সাধারণ কৃষক পরিবারের মহিলার অ্যাকাউন্টে হঠাৎ প্রায় ১০ কোটি টাকা দেখা যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই ঘটনায় মুখ্য চরিত্র হয়ে উঠেছেন ওই মহিলা—কারণ বিপুল টাকা সামনে এসেও তিনি এক পয়সাও স্পর্শ করেননি। এই গল্প ভাইরাল (Viral Story) হয়ে গেছে রাজ্যে।

শেষ আপডেট: 29 March 2026 17:17
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের মৈনপুরী জেলায় এক সাধারণ কৃষক পরিবারের মহিলার অ্যাকাউন্টে হঠাৎ প্রায় ১০ কোটি টাকা দেখা যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই ঘটনায় মুখ্য চরিত্র হয়ে উঠেছেন ওই মহিলা—কারণ বিপুল টাকা সামনে এসেও তিনি এক পয়সাও স্পর্শ করেননি। এই গল্প ভাইরাল (Viral Story) হয়ে গেছে রাজ্যে।
কী ঘটেছিল?
মৈনপুরীর দেবগঞ্জ গ্রামের বাসিন্দা সীতা, যিনি চাষের পাশাপাশি একটি ছোট মুদি দোকান চালান, নবরাত্রির অষ্টমীর দিন মাঠে কাজ করার সময় হঠাৎ ব্যাঙ্কের একটি মেসেজ পান। সন্দেহ হওয়ায় ছেলে-সহ ব্যাঙ্কে যান, কিন্তু ছুটির কারণে ব্যাঙ্ক বন্ধ ছিল।
এরপর কাছের এটিএমে গিয়ে ব্যালেন্স চেক করতেই চোখ কপালে—অ্যাকাউন্টে দেখা যায় ৯,৯৯,৪৯,৫৮৮ টাকা, অর্থাৎ প্রায় ১০ কোটি টাকা!
তারপর কী করলেন তিনি? এত বড় অঙ্কের টাকা হঠাৎ অ্যাকাউন্টে দেখে অনেকেই হয়তো অন্য সিদ্ধান্ত নিতেন। কিন্তু সীতা যা করলেন, তা বেনজির। ব্যাঙ্ক থেকে এক টাকা তোলেননি। পরিবারের সবাইকে বলেন টাকা না ছুঁতে। বরং আবার মাঠে ফিরে গিয়ে নিজের কাজ শুরু করেন। পরদিন ব্যাংকে গিয়ে বিষয়টি জানাবেন বলে ঠিক করেন। স্থানীয়দের মতে, তাঁর এই সততা সত্যিই প্রশংসনীয়।
আসলে কি সত্যিই টাকা এসেছিল? পরবর্তীতে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানায়, আসলে অ্যাকাউন্টে কোনও টাকা ঢোকেনি। ব্যাঙ্কের বক্তব্য, এটি ছিল একটি লোন অ্যাকাউন্টের ‘lien’ মার্কিং-এর কারণে দেখানো ব্যালেন্স, বাস্তবে কোনও অর্থ জমা পড়েনি। অর্থাৎ, প্রযুক্তিগত কারণে অ্যাকাউন্টে ভুলভাবে বিপুল টাকার অঙ্ক দেখাচ্ছিল।