কলেজ থেকে বাড়ি ফেরার পথে তিনটি পথকুকুরের আক্রমণের শিকার হন ২১ বছরের এক ছাত্রী। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুরুতর আহত ছাত্রী - ফাইল ছবি
শেষ আপডেট: 23 August 2025 11:43
দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্ট (Supreme Court) পথকুকুরদের (Stray Dogs) ধরপাকড়, নির্বীজকরণ ও আশ্রয়কেন্দ্রে রাখার বিষয় নিয়ে বড় নির্দেশ দিয়েছে। এই ইস্যুটি নিয়ে দেশজুড়ে বিতর্ক এখনও বহাল। তবে এরই মধ্যে কানপুরের (Kanpur) এক ভয়াবহ ঘটনা সামনে এল। রাস্তার কুকুরের কামড়ে (Dog Bite) প্রায় আধমরা অবস্থা হল এক তরুণীর। মুখে ১৭টি সেলাই পড়েছে তাঁর!
কানপুরের শ্যামনগর এলাকায় ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা। স্থানীয় সূত্রে খবর, কলেজ থেকে বাড়ি ফেরার পথে তিনটি পথকুকুরের আক্রমণের শিকার হন ২১ বছরের এক ছাত্রী (College Student)। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ছাত্রীটির গাল ও নাক মিলিয়ে মোট ১৭টি সেলাই পড়েছে।
ঘটনাটি ঘটেছে ২০ অগস্ট। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেদিন রাস্তায় কুকুর ও বাঁদরের মধ্যে মারামারি চলছিল। সেই সময় আচমকা তিনটি কুকুর বৈষ্ণবী সাহু নামের ওই কলেজছাত্রীর ওপর আচমকা ঝাঁপিয়ে পড়ে। মেয়েটি মাটিতে পড়ে গেলে তাঁর মুখ ও শরীরের একাধিক জায়গায় কামড়ে দেয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর ডান গাল। নাক ও শরীরের অন্য অংশেও একাধিক কামড়ের চিহ্ন রয়েছে।
স্থানীয়রা ছুটে এসে লাঠি হাতে কুকুরগুলিকে তাড়ায়। তখন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে ছিলেন বৈষ্ণবী। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা সেলাই করে রক্তক্ষরণ বন্ধ করেন। পরিবারের তরফে জানানো হয়েছে, মুখের চোটের কারণে তিনি এখন কোনও শক্ত খাবার খেতে পারছেন না, কষ্টে তরল খাবার দেওয়া হচ্ছে স্ট্র দিয়ে।
এই ঘটনার পরই ফের পথকুকুরদের দ্রুত ধরে আশ্রয়কেন্দ্রে রাখার দাবি জানানো হয়েছে। মেয়েটির পরিবার স্বভাবতই ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ। তারাও চান, পথকুকুরদের নির্দিষ্ট সেন্টারে রাখা হোক, যাতে আর কারও এভাবে প্রাণের ঝুঁকি না হয়।