ঘটনার পরই পুলিশ দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আক্রান্তদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।

প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় উত্তেজনা
শেষ আপডেট: 5 October 2025 17:28
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের (Maharashtra) বুলধানা জেলায় দুর্গা প্রতিমা বিসর্জন (Maa Durga idol immersion) মিছিল চলাকালীন পাথর ছোড়ার ঘটনায় (stone pelting incident) চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার গভীর রাতের এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ালেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে সংগ্রামপুর তালুকের বাওয়ানবীর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে গ্রামে উচ্ছ্বাসের সঙ্গেই দুর্গা প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা চলছিল। মোট পাঁচটি দুর্গা প্রতিমা ওই এলাকার তাজ নগর দিয়ে যাচ্ছিল। এর মধ্যে চারটি প্রতিমা নিরাপদে চলে গেলেও, পঞ্চমটি ‘জয় মালহার মণ্ডল’-এর বিসর্জন মিছিল পৌঁছতেই পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে।
সোনালা থানার পুলিশ ইনচার্জ চন্দ্রকান্ত পাটিল জানিয়েছেন, “জয় মালহার মণ্ডলের মিছিল যখন তাজ নগর এলাকায় পৌঁছয়, তখন তারা কিছু ভক্তিগীতি বাজাচ্ছিল। সেই সময়ই হঠাৎ এক বিশেষ সম্প্রদায়ের কিছু সদস্যের দিক থেকে পাথর ছোড়া শুরু হয়।” ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
ঘটনার পরই পুলিশ দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আক্রান্তদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। সোনালা থানায় এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ ইতিমধ্যেই ১২ জনকে আটক করেছে।
সোনালের স্টেশন ইন-চার্জ চন্দ্রকান্ত পাটিল বলেন, “গতরাতে ১২ জনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে।”
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রামে আপাতত শান্তি ও স্বাভাবিকতা ফিরে এসেছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।