গুরুতর আহত ৭ বছরের আরজান এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। গাড়ি চালাচ্ছিলেন পুলিশ বিভাগেরই এক প্রধান কনস্টেবল (Police Constable)।
.jpeg.webp)
অভিযুক্ত কনস্টেবল
শেষ আপডেট: 16 September 2025 11:37
দ্য ওয়াল ব্যুরো: স্কুল থেকে বাড়ি ফেরার সময় পথদুর্ঘটনায় (Road Accident) প্রাণ গেল দুই ভাইয়ের। গাড়ির চাকার তলায় চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু (Death) হয় ১৩ বছরের আয়ান এবং ৯ বছরের আহসানের। গুরুতর আহত ৭ বছরের আরজান এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। গাড়ি চালাচ্ছিলেন পুলিশ বিভাগেরই এক প্রধান কনস্টেবল (Police Constable)। ঘটনাটি ঘটেছে হরিয়ানার (Haryana Accident) পালওয়ালে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত কনস্টেবলের নাম নরেন্দ্র কুমার। তিনি মেওয়াতে কর্মরত ছিলেন। সোমবার দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে হঠাৎ দ্রুতগতির একটি হুন্ডাই এক্সটার এসে ধাক্কা মারে তিন শিশুকে। স্থানীয়রা জানান, ওই সময় কনস্টেবল নাকি মদ্যপ ছিলেন। ধাক্কা মেরে গাড়ি নিয়ে পালানোর চেষ্টাও করেন। তবে ক্ষুব্ধ গ্রামবাসীরা প্রায় ৫০০ মিটার তাড়া করে তাঁকে ধরে ফেলেন।
পালওয়ালের ডিএসপি মহিন্দর সিং জানিয়েছেন, একটি দ্রুতগতির গাড়ি তিনজন শিশুকে ধাক্কা মারে। দু’জনের মৃত্যু হয়েছে, আরেকজনকে রোহতকে রেফার করা হয়েছে। গাড়িটি বাজেয়াপ্ত হয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করে জেরা চলছে। মদ্যপ ছিলেন কি না, তা জানতে মেডিকেল পরীক্ষা করানো হচ্ছে। পরিবারকে সবরকম সাহায্য করা হবে।
দুর্ঘটনার পরের ভিডিওতে দেখা যাচ্ছে, গ্রামবাসীদের সঙ্গে তর্কে জড়িয়েছেন অভিযুক্ত কনস্টেবল। স্থানীয় এক ব্যক্তি মোবাইলে গোটা ঘটনাটি রেকর্ড করে ছড়িয়ে দেন সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে শোনা যাচ্ছে ‘‘ও তিন ছেলেকে মেরেছে। থামেনি, পালাতে চাইছিল। মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিল।’’
মৃত দুই শিশুর বাবা শাহাবুদ্দিনের অভিযোগ, ‘‘আমার ছেলেরা প্রতিদিনের মতো স্কুল থেকে হেঁটে ফিরছিল। হঠাৎ মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে ওই কনস্টেবল ধাক্কা মারে। গাড়ি থামায়নি, পালাতে চাইছিল। আমরা আটকালে উল্টে হুমকি দিতে শুরু করে, বলল সে পুলিশ। তারপর আমরা থানায় খবর দিই।’’
নয়াদিল্লিতে কয়েক দিন আগে বেপরোয়া গাড়ি চালনার জেরে প্রাণ গিয়েছিল এক সরকারি আধিকারিকের। তার পর ফের একবার আইনরক্ষকের গাড়ি পিষে দিল নিরপরাধ তিন শিশুকে।