হরিয়ানার ফরিদাবাদে ভয়াবহ দুর্ঘটনা। এসি কম্প্রেসার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন ও পোষ্য কুকুরের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন পরিবারের ছেলে।

সংগৃহীত ছবি
শেষ আপডেট: 8 September 2025 18:19
দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানার ফরিদাবাদে এয়ার কন্ডিশনারের কম্প্রেসার বিস্ফোরণে মৃত্যু হল একই পরিবারের তিন সদস্য ও তাদের পোষ্য কুকুরের। সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে শহরের একটি ফ্ল্যাটে।
মৃতদের নাম শচিন কাপুর, তাঁর স্ত্রী রিঙ্কু কাপুর এবং মেয়ে সুজান কাপুর। বিস্ফোরণের পর আগুন না ছড়ালেও ধোঁয়ায় ঢেকে যায় দ্বিতীয় তলা, যেখানে ঘুমোচ্ছিলেন কাপুর পরিবারের সকলেই। শ্বাসরোধ হয়েই মৃত্যু হয় তিনজনের। ওই সময় প্রথম তলায় কেউ ছিলেন না বলে জানা যাচ্ছে।
গোটা ঘটনায় একমাত্র বেঁচে যান শচিনের ছেলে। সে অন্য একটি ঘরে ঘুমোচ্ছিল বলে জানা যাচ্ছে। বিস্ফোরণের পর আতঙ্কে জানলা দিয়ে লাফ দেয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিবেশী ময়ঙ্ক জানিয়েছেন, একটা জোরালো বিস্ফোরণের শব্দ শুনে ঘুম ভাঙে। সঙ্গে সঙ্গে ছুটে যাই লোকজনকে বাঁচাতে।
চারতলার একটি ফ্ল্যাটে সাতজনের আরেকটি পরিবার থাকেন। তৃতীয় তলা ব্যবহার করতেন শচিন অফিস হিসেবে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।