খনিতে তখন নয়টি কম্প্রেসর চালু ছিল, এবং প্রতিটিতে একজন করে শ্রমিক কাজ করছিলেন। ফলে, আটকে পড়ার সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

গভীর রাতেও চলছে উদ্ধারকাজ
শেষ আপডেট: 16 November 2025 11:59
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের সোনভদ্রে পাথর খাদান ধসে (Sonbhadra mine collapse) মৃত্যু হল অন্তত দু’জনের। এখনও পর্যন্ত অনুমান, আরও অন্তত ১২ থেকে ১৫ জন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন (miners trapped in Uttar Pradesh)। শনিবার দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনার পর থেকেই চলছে দ্রুত গতিতে উদ্ধার অভিযান (rescue operation)। ঠিক কতজন চাপা পড়ে আছেন, তা এখনও স্পষ্ট হয়নি প্রশাসনের তরফে।
দুটি মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (SDRF) এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (NDRF)-এর দল। পাশাপাশি ওব্রা তাপবিদ্যুৎ কেন্দ্র এবং দু’টি বেসরকারি সংস্থার বিশেষ উদ্ধার দলে যোগ দিয়েছে অভিযানে।
বিলি মার্কুণ্ডি খনিতে ভয়াবহ ধস
শনিবার ওব্রা থানার আওতাধীন বিলি মার্কুণ্ডি খনিতে আচমকাই ধসে পড়ে বিশাল অংশ। জেলা ম্যাজিস্ট্রেট বদ্রীনাথ সিং সরেজমিনে গিয়ে জানিয়েছেন, অতিরিক্ত যন্ত্রপাতি আনা হচ্ছে। ধ্বংসস্তূপ সরাতে জোরকদমে চলছে কাজ।
এখনও পর্যন্ত ধসের কারণ জানা যায়নি। জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
দু’ভাই চাপা পড়েছেন, জানালেন সহকর্মী
দুর্ঘটনাস্থলে কাজ করা শ্রমিক ছোটু যাদব জানিয়েছেন, তাঁর দুই ভাই সন্তোষ যাদব ও ইন্দ্রজিৎ যাদব ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন।
রাজ্যের এক মন্ত্রী জানান, ধস নামার সময় কমপক্ষে ১২ থেকে ১৫ জন শ্রমিক খনির ভেতর কাজ করছিলেন। তদন্তে দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
ধসের সময় ৯টি কম্প্রেসর চালু ছিল
আরেক শ্রমিক জানিয়েছেন, ওই খনিতে তখন নয়টি কম্প্রেসর চালু ছিল, এবং প্রতিটিতে একজন করে শ্রমিক কাজ করছিলেন। ফলে, আটকে পড়ার সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
উদ্ধার কাজে প্রশাসনের সর্বোচ্চ তৎপরতা
ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছে গিয়েছেন ওব্রার সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বিবেক কুমার সিং, সার্কেল অফিসার হর্ষ পাণ্ডে, ওব্রা থানার ওসি বিজয় চৌরাসিয়া এবং চোপন থানার ওসি কুমুদ শেখর সিং।
ধ্বংসস্তূপের মধ্যে সম্ভাব্য আটকে থাকা শ্রমিকদের খোঁজে রাতভর চলেছে উদ্ধার অভিযান। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে প্রশাসন।