সোনমের পারিবারিক এক বন্ধু তাঁকে জানিয়েছেন, সোনম রঘুবংশীর মা মেয়ের জোর করে বিয়ে দেন।

এরপরে যা হবে, তার জন্য আমাকে দোষী করবে না।
শেষ আপডেট: 11 June 2025 11:37
দ্য ওয়াল ব্যুরো: ‘পরে আমায় দোষ দিও না।’ রাজা রঘুবংশীর সঙ্গে বিয়ের আগেই বয়সে অনেক ছোট পারিবারিক ব্যবসার কর্মচারী রাজ কুশওয়ার সঙ্গে প্রণয়ের কথা মাকে জানিয়েছিলেন সোনম। এমনকী তাঁরা বিয়ে করতে চান, একথাও বাড়িতে জানিয়ে দিয়েছিলেন তিনি। খুন হওয়া রাজার বড় ভাই বিপিন রঘুবংশী সাংবাদিকদের একথা জানান।
বিপিনের দাবি, সোনমের পারিবারিক এক বন্ধু তাঁকে জানিয়েছেন, সোনম রঘুবংশীর মা মেয়ের জোর করে বিয়ে দেন। কারণ তাঁরা একই কুলশীলের বলে। তিনি বিয়ের আগেই জানতেন, মেয়ে অন্য একজনের সঙ্গে প্রেম করে। শুধু তাই নয়, মেয়ে বিয়ের আগেই মাকে হুমকি দিয়ে বলে রেখেছিলেন, এরপরে যা হবে, তার জন্য আমাকে দোষী করবে না। সোনমের সেসব কথায় পাত্তা না দিয়ে তাঁর বাড়ির লোক জানিয়ে দেন, তুমি যার সঙ্গে খুশি প্রেম করতে পারো। কিন্তু তোমায় বিয়ে করতে হবে নিজের জাতপাতের মানুষকেই।
মধুচন্দ্রিমায় স্বামীকে খুনের অন্যতম অভিযুক্ত সোনম রঘুবংশী, তাঁর প্রণয়ী রাজ কুশওয়া সহ চারজনকে বুধবারই আদালতে পেশ করতে চলেছে মেঘালয় পুলিশ। সূত্রে জানা গিয়েছে, পুলিশ আদালতের কাছে অভিযুক্তদের ১৪ দিনের হেফাজতে চাইতে পারে। এই সময়ের মধ্যে পুলিশ অভিযুক্তদের আলাদা করে এবং মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে। কারণ পুলিশ সূত্র জানিয়েছে, ইতিমধ্যেই রাজ কুশওয়া খুনের ঘটনা স্বীকার করে বয়ান দিয়েছে। সেই মতো ঘটনাস্থলে গিয়ে খুনের পুনর্নির্মাণ করবে পুলিশ।
অভিযুক্ত রাজ কুশওয়া অপরাধের কথা কবুল করে পুলিশকে জানিয়েছে, সোনম খুনের সময় সেখানেই ছিল এবং স্বামীকে খুন হতে সে নিজের চোখেই দেখেছে। শুধু তাই নয়, খুনিরা শেষপর্যন্ত এই মারাত্মক কাজ করতে রাজি না হওয়ায় তাদের নগদ টাকা দেওয়ার কথা দেয়। খুনের পর হাতে নগদ টাকাও গুঁজে দেয় সোনমই। এবং তাও মৃত স্বামীর টাকার ব্যাগ থেকে বের করে দেয়।
পুলিশ আরও জানতে পেরেছে যে, সোনম এইভাবে খুনের চেষ্টা ব্যর্থ হলে দ্বিতীয় বিকল্পের কথাও ভেবে রেখেছিলেন। আর সেটা হল, ওরকম শুনশান পাহাড়ি সৌন্দর্যের জায়গায় সেল্ফি তোলার নাম করে স্বামীকে খাদের কিনারে দাঁড় করিয়ে ধাক্কা দিয়ে নীচে ফেলে দেওয়া। কিন্তু, বরাতজোরে বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে বলে, টাকা খাটিয়ে চোখের সামনে খুন করাই দেখতে চেয়েছিলেন।