মঙ্গলবার সকাল থেকে বৃষ্টিবিঘ্নিত চেরাপুঞ্জি পাহাড়ে মেঘে ঢাকা পরিবেশের মধ্যেই পূর্ব খাসি পাহাড়ে অপরাধ দৃশ্যের পুনর্গঠন করা হয়।

রাজ্য পুলিশের ডিজিপি সোমবার সাংবাদিকদের সামনে একবারে নতুন তত্ত্বের বোমা ফাটিয়েছেন।
শেষ আপডেট: 17 June 2025 15:59
দ্য ওয়াল ব্যুরো: মধুচন্দ্রিমায় বেড়াতে আসা ইন্দোরের ব্যবসায়ী রাজা রঘুবংশীকে খুনের পুনর্নির্মাণ করল মেঘালয় পুলিশ। মঙ্গলবার সকাল থেকে বৃষ্টিবিঘ্নিত চেরাপুঞ্জি পাহাড়ে মেঘে ঢাকা পরিবেশের মধ্যেই পূর্ব খাসি পাহাড়ে অপরাধ দৃশ্যের পুনর্গঠন করা হয়। ছবির মতো সুন্দর পর্যটনস্থল সোহরায় সোনম সহ ধৃত সব অভিযুক্তকেই নিয়ে আসা হয়।
যদিও মেঘালয় পুলিশ এখনও বিশ্বাস করতে পারছে না যে, বিয়ের কয়েকদিনের মাথায় স্বামীর প্রতি সোনমের কী করে মনে মনে এতবড় শত্রুতা তৈরি হল? রাজ্য পুলিশের ডিজিপি সোমবার সাংবাদিকদের সামনে একবারে নতুন তত্ত্বের বোমা ফাটিয়েছেন। ডিজিপ ইদাশিশা নোংরাং বলেন, রাজা রঘুবংশী খুনের পিছনে ত্রিকোণ প্রেমের তত্ত্ব মানতে তিনি পুরোপুরি রাজি নন।
পুলিশ কর্ত্রীর মতে, এর পিছনে ব্যবসায়িক শত্রুতা, পারিবারিক রেষারেষি অথবা ব্যক্তিগত বৈরিতা থাকতে পারে। তা না হলে বিয়ের মাত্র ১২ দিন পর কোনও স্ত্রীর মনে ছক কষে স্বামীকে খুনের মতো আক্রোশ জন্মানোর বিশেষ কোনও কারণ দেখা যাচ্ছে না। উল্লেখ্য, খুন হওয়া পরিবহণ ব্যবসায়ী রাজা রঘুবংশী হাওয়ালা লেনদেনে জড়িত ছিলেন বলে পুলিশ আগেই জানতে পেরেছিল।
তিনি আরও বলেছেন, আমার ব্যক্তিগত মতে, অভিযুক্তরা যে কারণের কথা বলছেন, তা মেনে নেওয়া এখনও খুব কঠিন হচ্ছে। এবং কোনও যুক্তিতেই ধোপে টিকছে না। যদিও আমরা অতিরিক্ত কিছু আছে কিনা তাও খতিয়ে দেখছি। আমার কাছে মেনে নেওয়া মারাত্মক কঠিন হচ্ছে যে, বিয়ের পর দুদিনের মধ্যেই একজনের মনে এত ঘৃণা জন্মাতে কী করে পারে? ফলে ত্রিকোণ প্রেমের তত্ত্ব নিয়ে এখনও গভীর সন্দেহ থেকেই যাচ্ছে।
প্রসঙ্গত, আগামিকাল, বুধবারই অভিযুক্তদের পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। পুলিশ প্রধান জানান, আমরা আদালতের কাছে অতিরিক্ত হেফাজতের আবেদন জানাব। কারণ, তাঁদের প্রত্যেকের কথা পরস্পরবিরোধী। আপাতত তাঁদের আলাদা করে রেখে আলাদা করে জেরা করা চলছে। প্রয়োজনে একসঙ্গে বসিয়ে জেরা করবেন তদন্তকারী অফিসাররা।
মেঘালয় পুলিশ কর্ত্রী যা অনুমান করেছেন তারই প্রমাণ মিলেছে রাজা রঘুবংশী ও সোনমের বিয়ের প্রীতিভোজের অনুষ্ঠানের ভিডিওতে। সেখানে দুজনকেই খুবই হাসিখুশি মুখে মঞ্চে সঞ্চালকের সামনে ভবিষ্যৎ দাম্পত্য কাটানোর প্রতিশ্রুতি দিতেও দেখা গিয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, সঞ্চালকের ভূমিকায় থাকা এক ব্যক্তি দুজনকেই বিভিন্ন প্রশ্ন করছেন এবং তাঁরা দুজনকে কী প্রতিশ্রুতি দিতে চান তাও জানতে চাওয়া হয়।
এ সময় সোনম হাসিমুখে বলেন, আমি কথা দিচ্ছি বিয়ের পর ও বন্ধুদের নিয়ে যে কোনও জায়গায় যেতে পারে, যে কারও সঙ্গে পার্টি করতে পারে, যে কারও সঙ্গে সেক্স করতে পারে। আমি কোনওদিন জবাব চাইব না, তুমি কোথায় আছ, কোথায় গেছ, কেন গেছ? রাজা স্ত্রীকে প্রতিশ্রুতি দিয়ে বলেন, বছরে একবার স্ত্রীকে নিয়ে বিদেশ ভ্রমণে যাব। দুজনকেই সে সময় অত্যন্ত সুখী ও হাসিখুশি লাগছিল।