এক্কেবারে ভারতীয় পাঞ্জাবি গায়ে পুরোদস্তুর বরকর্তার বেশে কয়েক হাজার মাইল দূর থেকেই তিনি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন।
.jpeg.webp)
তাঁর এই মন ছুঁয়ে যাওয়া পোস্ট ও ছবি দেখে মন ভরে গিয়েছে আপামর ভারতীয়দের।
শেষ আপডেট: 6 December 2025 12:07
দ্য ওয়াল ব্যুরো: ভারতে নিযুক্ত সিঙ্গাপুরের রাষ্ট্রদূত সাইমন উয়ং শেষমেশ অনলাইনে ভার্চুয়ালি উপস্থিত থাকলেন দূতাবাস কর্মীর বিয়েতে। এক্কেবারে ভারতীয় পাঞ্জাবি গায়ে পুরোদস্তুর বরকর্তার বেশে কয়েক হাজার মাইল দূর থেকেই তিনি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। তাঁর এই মন ছুঁয়ে যাওয়া পোস্ট ও ছবি দেখে মন ভরে গিয়েছে আপামর ভারতীয়দের। উল্লেখ্য, ইন্ডিগোর উড়ান বাতিলের ঠেলায় নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেওঘর যাওয়া বন্ধ হয়ে যায় তাঁর। কিন্তু, তিনি বিয়ের অনুষ্ঠানের যোগ দিলেন অনলাইনে।
অনলাইনে বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ইন্ডিগো বিভ্রাটে দূরত্ব আমাদের মধ্যে দূরে সরিয়ে রাখতে পারে। কিন্তু, শাদির আনন্দানুষ্ঠান আমাদের মিলিয়ে দিল। হিন্দিতে বেটা (পুত্র) সম্বোধন করে দূতাবাস কর্মীকে আশীর্বাদ দিয়ে লিখেছেন, আমার আন্তরিক শুভকামনা রইল। তোমাদের বিয়ে সুখী হোক, দীর্ঘজীবী হও। ঈশ্বর তোমাদের আশীর্বাদ করুন।
ভারতে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার সাইমন উয়ং-ও আটকে পড়েন ইন্ডিগোর উড়ান বাতিলে। একের পর এক ইন্ডিগোর উড়ান বাতিলের ঘটনায় দেশজুড়ে যখন হইচই চলছে, তখন এরকম একজন উচ্চপদস্থ কূটনীতিকের বিড়ম্বনা দেশের বিমান পরিষেবা ব্যবস্থার মুখ পুড়িয়েছে। তিনি এই দূতাবাস কর্মীর বিয়ে উপলক্ষে যাত্রা করেছিলেন। কিন্তু, উড়ান বাতিলের ঘটনায় সেই আনন্দানুষ্ঠানে না যেতে পারায় এক্স পোস্টে সেসব কথা লিখে পোস্ট করায় গোটা বিশ্বের কাছে দেশের মাথা হেঁট হয়ে যায়।
Distance may divide us #IndiGoChaos, but Spirit #shaadi will unite us. Beta, congratulations and may your marriage be a happy and blessed one. 🥳HC Wong pic.twitter.com/XKrIIdSRsj
— Singapore in India (@SGinIndia) December 5, 2025
পোস্টে লজ্জায় মুখ ঢাকার ইমোজি দিয়ে তিনি লিখেছিলেন, ইন্ডিগোর দ্বারা হাজার হাজার আটকে পড়া যাত্রীদের মতো আমিও আটকে পড়েছি। আমার দেওঘরে যাওয়ার কথা ছিল। কিন্তু দেওঘরের বিমান বাতিল করা হয়েছে। তিনি আরও লেখেন, আমার নবযুবক কর্মীর প্রতি সনম্র ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এই দুর্ভোগের কারণে তাঁর শাদিতে (বিয়ে) যেতে পারলাম না। কথা দিয়েও কথা রাখতে পারিনি বলে আমি লজ্জিত।
শুধু তিনি নয়, ইন্ডিগোর এই দুর্ভোগের কথা শয়ে শয়ে মানুষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। কিন্তু এখনও পর্যন্ত এর কোনও সুরাহা মেলেনি। বিশেষত এটা বিয়ের মরশুম বহু যাত্রীই রয়েছেন যাঁরা রিসেপশন বা বিয়েতে যোগ দিতে এক শহর থেকে অন্য শহরে যাচ্ছেন। তাঁরা পড়েছেন ঘোর বিপদে।