আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS)-এ তাঁর যাত্রা ও অবস্থানের মাধ্যমে ভারতের মহাকাশ কর্মসূচিতে বিশেষ অবদানের স্বীকৃতি জানাতেই এই সম্মান।

শেষ আপডেট: 25 January 2026 22:35
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় বায়ুসেনার (IAF) গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে দেশের সর্বোচ্চ শান্তিকালীন সামরিক সম্মান অশোক চক্রে ভূষিত করা হয়েছে (Shubhanshu Shukla Ashok Chakra ISS)। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS)-এ তাঁর যাত্রা ও অবস্থানের মাধ্যমে ভারতের মহাকাশ কর্মসূচিতে বিশেষ অবদানের স্বীকৃতি জানাতেই এই সম্মান।
২০২৫ সালের ২৬ জুন, নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্সের ড্রাগন মহাকাশযানে চেপে উড়ে যান শুক্লা। সেই অভিযানের মাধ্যমে ইতিহাস গড়ে আইএসএস-এ পা রাখা তিনিই প্রথম ভারতীয় মহাকাশচারী।
তবে মহাকাশে গমনকারী ভারতীয়দের তালিকায় তিনি দ্বিতীয়, প্রায় চার দশক আগে IAF-এরই রাকেশ শর্মা মহাকাশে গিয়েছিলেন। রাকেশ শর্মাও অশোক চক্রে সম্মানিত হয়েছিলেন।
একজন ফাইটার পাইলট হিসেবে শুভাংশু শুক্লার উড়ানের অভিজ্ঞতা ২,০০০ ঘণ্টারও বেশি। তিনি Su-30 MKI, MiG-21, MiG-29, Jaguar, Hawk, Dornier এবং An-32-সহ বিভিন্ন বিমানে উড়েছেন।
প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সশস্ত্র বাহিনীর ৭০ জন সদস্যের জন্য বীরত্ব পুরস্কার অনুমোদন করেছেন। তাঁদের মধ্যে ছ'জনকে মরণোত্তর সম্মান দেওয়া হবে।
এই তালিকায় রয়েছে - একটি অশোক চক্র, তিনটি কীর্তি চক্র, ১৩টি শৌর্য চক্র (একটি মরণোত্তর), একটি ‘বার টু সেনা মেডেল’ (গ্যালান্ট্রি) এবং ৪৪টি সেনা মেডেল (গ্যালান্ট্রি)।
শুক্লা ছাড়াও গগনযান মিশনের জন্য মনোনীত চার মহাকাশচারীর অন্যতম গ্রুপ ক্যাপ্টেন পি বি নায়ার কীর্তি চক্রে সম্মানিত হয়েছেন। কীর্তি চক্র শান্তিকালীন ক্ষেত্রে মহাবীর চক্রের সমতুল্য।
নীচে অশোক চক্র, কীর্তি চক্র এবং শৌর্য চক্র প্রাপকদের পূর্ণ তালিকা দেওয়া হল।
অশোক চক্র - গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা
কীর্তি চক্র - মেজর অর্শদীপ সিং, নায়েব সুবেদার দোলেশ্বর সুব্বা, গ্রুপ ক্যাপ্টেন পি বি নায়ার
শৌর্য চক্র - লেফটেন্যান্ট কর্নেল টাগে, আদিত্য শ্রীকুমার, মেজর অংশুল বালতু, মেজর শিবকান্ত যাদব, মেজর বিবেক, মেজর লেইশাংথেম দীপক সিং, ক্যাপ্টেন যোগেন্দ্র সিং ঠাকুর, সুবেদার পি এইচ মোসেস, ল্যান্স ডাফাদার বলদেব চাঁদ (মরণোত্তর), রাইফেলম্যান মাংলেম সাং ভাইফেই, রাইফেলম্যান ধুর্ব জ্যোতি দত্ত, লেফটেন্যান্ট কমান্ডার দিলনা কে (নৌসেনা), লেফটেন্যান্ট কমান্ডার রূপা এ (নৌসেনা), অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট বিপিন উইলসন (MHA)।