কেরালার মালাপ্পুরমে ভোট প্রচারের সময় কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয়ে হামলার অভিযোগ। আহত নিরাপত্তারক্ষী, ঘটনায় পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। ৯ এপ্রিল ভোটের আগে চাঞ্চল্য।

শশী থারুর
শেষ আপডেট: 4 April 2026 10:56
দ্য ওয়াল ব্যুরো: কেরালায় ভোটের আবহে চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ল। কংগ্রেস সাংসদ শশী থারুর (Shashi Tharoor)-এর কনভয়ে হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে কেরালার মালাপ্পুরম জেলার চেল্লিথোডুরের কাছে ভান্দুরে ভোট প্রচারের সময় দুষ্কৃতীদের হামলার মুখে পড়েন তিনি। অল্পের জন্য রক্ষা পান থারুর, তবে গুরুতর জখম হন তাঁর এক নিরাপত্তারক্ষী। ইতিমধ্যেই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, শুক্রবার ইউডিএফ প্রার্থী এপি অনিলকুমারের সমর্থনে প্রচারে ওয়ান্ডুরের উদ্দেশে যাচ্ছিলেন শশী থারুর। সেই সময় মোটরবাইকে করে আসা একদল দুষ্কৃতী তাঁর কনভয়ের গাড়িগুলিকে ধাওয়া করে বলে অভিযোগ। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্তরা কনভয়ের গাড়ি ঘিরে ফেলে এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কনভয়ের গাড়ির উইন্ডস্ক্রিন ও জানলার কাচে লাগাতার আঘাত করা হয় বলে অভিযোগ।
পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন থারুরের দেহরক্ষী। কংগ্রেস সাংসদকে সুরক্ষিত রাখতে গিয়ে দুষ্কৃতীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তিনি এবং গুরুতর জখম হন। দ্রুত তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শশী থারুর সম্পূর্ণ নিরাপদ রয়েছেন বলেই জানা গিয়েছে।
#Watch | Congress MP Shashi Tharoor's convoy was allegedly blocked and a security member of his team was assaulted in Kerala's Malappuram district on Friday.
Read more: https://t.co/CHpwQyTW94 pic.twitter.com/zDJvvW1pxS— NDTV (@ndtv) April 4, 2026
পুলিশ সূত্রে খবর, ঘটনায় জড়িত থাকার অভিযোগে অন্তত পাঁচজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রধান অভিযুক্ত উম্মারের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানা গিয়েছে।
ভোটের আগে এই ধরনের হামলার ঘটনায় কেরালার রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। নির্বাচনী পরিবেশে নিরাপত্তা ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। উল্লেখ্য, কেরালায় এ বার এক দফায় আগামী ৯ এপ্রিল ভোট গ্রহণ হওয়ার কথা।