প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, স্কুটারের ভেতর রাখা কোনও বস্তু থেকেই বিস্ফোরণ ঘটেছে।

ঘটনাস্থলের ছবি (সংগৃহীত)
শেষ আপডেট: 8 October 2025 21:54
দ্য ওয়াল ব্যুরো: বুধবার সন্ধ্যায় হঠাৎ তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের কানপুর। হুলস্থুল শুরু হয় মিশ্রী বাজার এলাকায়। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে শব্দ প্রায় ৫০০ মিটার পর্যন্ত শোনা গিয়েছিল। জখম হয়েছেন ছয় জন। সকলকে উরসুলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বম্ব ডিসপোজাল স্কোয়াড এবং ফরেনসিক বিশেষজ্ঞদের দল উপস্থিত হয়েছে সেখানে। কানপুরের যুগ্ম পুলিশ কমিশনার (আইনশৃঙ্খলা) অশোক কুমার জানিয়েছেন, বুধবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিট নাগাদ দু'টো স্কুটারে বিস্ফোরণ ঘটে। ছয়জন আহত, সকলেই আশঙ্কামুক্ত। আমাদের ফরেনসিক টিম ঘটনাস্থলে রয়েছে, খতিয়ে দেখা হচ্ছে একসঙ্গে দুটো স্কুটারে কীভাবে বিস্ফোরণ ঘটল। স্কুটারের মালিকদেরও শনাক্ত করা হয়েছে, তদন্তে তাদের বক্তব্য নেওয়া হবে।
প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, স্কুটারের ভেতর রাখা কোনও বস্তু থেকেই বিস্ফোরণ ঘটেছে। তবে সেটা বিস্ফোরক, ব্যাটারি ত্রুটি বা অন্য কোনও প্রযুক্তিগত সমস্যা কি না সেনিয়ে এখনও কিছু বোঝা যাচ্ছে না। পুলিশ জানিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং যতক্ষণ না কিছু বোঝা যাচ্ছে, ততক্ষণ বিস্ফোরণের প্রকৃত কারণ বলা যাবে না।
ঘটনার জেরে এলাকায় আতঙ্ক রয়েছে, কর্তৃপক্ষ সাধারণ মানুষের নিরাপত্তা বাড়ানোর জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।