অস্বস্তিতে প্রশাসন, উঠেছে একাধিক প্রশ্ন - নাবালিকাদের হাতে এত সহজে মদ পৌঁছল কীভাবে?

ভাইরাল ভিডিওর অংশ
শেষ আপডেট: 25 October 2025 20:07
দ্য ওয়াল ব্যুরো: এক সরকারি মদের দোকান থেকে অবলীলায় মদ কিনছে কয়েকজন ছাত্রী, পরনে স্কুলপোশাক (schoolgirls buy liquor Madhya Pradesh)। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, ঘটনাটি মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মাণ্ডলা জেলার নাইনপুর শহরে।
ঘটনাটি মুহূর্তে ভাইরাল (Viral video) হতেই তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে রাজ্য জুড়ে। প্রশাসনও লজ্জায় পড়েছে, উঠেছে একাধিক প্রশ্ন - নাবালিকাদের হাতে এত সহজে মদ পৌঁছল কীভাবে?
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, স্কুল ইউনিফর্ম পরা কয়েকজন কিশোরী মাথায় ওড়না চাপা দিয়ে দোকানে ঢুকছে। তারা কাউন্টারে গিয়ে মদ কিনছে, দোকানদার বিনা দ্বিধায় বিক্রিও করছে তাদের। শুধু তাই নয়, তারপর ওই কিশোরীরা নির্ভয়ে দোকান থেকে বেরিয়ে যায়।
সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠেছে, দোকান মালিকের এই কাজ স্পষ্টতই আইনের লঙ্ঘন। এটা কী করে সম্ভব হল!
ভিডিওটি ভাইরাল হতেই নাইনপুরের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (SDM) আশুতোষ ঠাকুর, স্থানীয় তহসিলদার এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তড়িঘড়ি তদন্ত শুরু করেন। ফুটেজের প্রতিটি ফ্রেম খতিয়ে দেখা হয়।
প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে, নাবালিকাদের কাছে মদ বিক্রি করা হয়েছে, যা জেনারেল লাইসেন্স কন্ডিশন (GLC)-এর সরাসরি লঙ্ঘন এবং মদ বিক্রির আইনে ফৌজদারি অপরাধ।
এই ঘটনার পর সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট আবগারি দফতরকে বিস্তারিত তদন্ত করে অবিলম্বে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন।
জেলা আবগারি আধিকারিক রামজি পাণ্ডে জানিয়েছেন, “তদন্তে অভিযোগ সত্যি প্রমাণিত হয়েছে। রিপোর্ট খুব শিগগিরই কালেক্টরের কাছে পাঠানো হবে। দোকানের লাইসেন্স বাতিল করা হবে, জরিমানা ধার্য করা হবে এবং যিনি মদ বিক্রি করেছেন, তাঁর চাকরি খারিজ করা হবে। নাবালিকাদের কাছে মদ বিক্রি করা গুরুতর অপরাধ।”
ঘটনাটি প্রকাশ্যে আসতেই মাণ্ডলা জেলায় ব্যাপক জনরোষ দেখা দিয়েছে। স্থানীয়রা দাবি তুলেছেন, দোকান মালিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হোক এবং প্রশাসন ব্যাখ্যা দিক যে, কীভাবে স্কুলপড়ুয়া মেয়েরা এভাবে প্রকাশ্যে মদ কিনতে পারল।
এই বিতর্কে রাজনৈতিক রঙও লেগেছে।
প্রাক্তন বিধায়ক ও কংগ্রেস জেলা সভাপতি ড. অশোক মার্সকোলে তীব্র ভাষায় প্রশাসন ও রাজ্য সরকারকে আক্রমণ করে বলেছেন, “যখন জিতু পাটওয়ারি কেন্দ্রীয় সরকারের রিপোর্ট দেখিয়ে বলেছিলেন, মধ্যপ্রদেশে মদ্যপানের প্রবণতা বাড়ছে, তখন বিজেপি নেতা-কর্মীরা তাঁর কুশপুতুল পুড়িয়েছিল। আজ যখন স্কুলছাত্রীরা নাইনপুরে মদ কিনছে, তখন সেই নেতারা কোথায়? তাঁদের তথাকথিত ‘নারীশক্তি’ এখন কোথায় গেল?”
এরপর পুলিশ খতিয়ে দেখছে, ওই মেয়েরা একাই দোকানে গিয়েছিল, না কি কাউকে দিয়ে পাঠানো হয়েছিল।