
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শেষ আপডেট: 11 July 2024 14:46
দ্য ওয়াল ব্যুরো: এবারের কেন্দ্রীয় বাজেটে কি আয়করে ছাড়ের ঘোষণা করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন? বেতনভুক শ্রেণি এবং ব্যাঙ্কের সুদের উপর নির্ভরশীল বয়স্ক নাগরিকদের সামনে এটাই এখন লাখ টাকার প্রশ্ন। আয়করের পুরনো ও নতুন জমানার তারতম্য ঘুচিয়ে তামাম মধ্যবিত্ত শ্রেণিকে খুশি করাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকারের প্রধান চ্যালেঞ্জ। এর মধ্যে বিষফোঁড়ার মতো রয়েছে, শরিক দলগুলির দাবিকে গুরুত্ব দেওয়া।
রাশিয়া ও অস্ট্রিয়া ঘুরে বৃহস্পতিবার সকালেই দেশে পৌঁছে মোদী এদিনই বিশিষ্ট অর্থনীতিবিদদের মতামত শোনেন। তাঁদের পরামর্শ মন দিয়ে পর্যবেক্ষণ করেন। নিটি আয়োগের শীর্ষ কর্তারাও এই বৈঠকে ছিলেন। ইতিমধ্যেই দেশের শিল্পপতি ও অর্থ বিশেষজ্ঞরা আসন্ন বাজেটকে ঘিরে তাঁদের আশা-প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন।
এলভার-এর সহ প্রতিষ্ঠাতা তথা মুখ্য বিনিয়োগ অফিসার করণ আগরওয়াল বলেন, সদ্যসমাপ্ত সাধারণ নির্বাচনে আশাহত হওয়ার পর এই বাজেটে জনদরদী অনেক পদক্ষেপ হতে পারে। যেমন দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সংসার চালাতে হিমশিম মধ্যবিত্তদের আয়করে স্বস্তি দিতে পারে সরকার। অন্যদিকে, গ্রামীণ ক্ষেত্রেও বিলিবণ্টনের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভোগ্যপণ্য, পর্যটন, গাড়ি, রিয়েল এস্টেট, গৃহঋণের ক্ষেত্রে ২৩ জুলাইয়ের বাজেট প্রস্তাবে নয়া ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী।
এম্পায়ার সেন্ট্রামের ডিরেক্টর-সিইও অনুপ ভার্গব বলেন, গৃহঋণে এবারে সুদে ভরতুকি দিলে মধ্যবিত্তদের পক্ষে নতুন ফ্ল্যাট কেনা অনেক সুলভ হবে। আর তাতে রিয়েলটি ব্যবসায় নতুন জোয়ার আসবে। দেশের আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে চাইলে টাকাকে বাজারে ছাড়তে হবে। কেননা, কোভিডের পর থেকেই টাকাকে পুঁজি করার প্রবণতা বেড়েছে। এই অবস্থায় বাজারে কেনাবেচার পরিমাণ বাড়াতে হবে সরকারকে।
ইজি মাই ট্রিপ সংস্থার সিইও তথা সহ প্রতিষ্ঠাতা নিশান্ত পিট্টির মতে, ভ্রমণ ও পর্যটন ব্যবসাকে চাঙ্গা করতে হবে। কেননা এই ক্ষেত্রে ব্যাপক কর্মনিযুক্তির সম্ভাবনার দরজা খোলা রয়েছে বলে তিনি মনে করেন। পর্যটন ক্ষেত্রে উন্নতি হলে তা একাধারে দেশের পরিকাঠামো, রাস্তা, জলপথসহ অন্যান্য ক্ষেত্রকেও চাঙ্গা করবে।