টিউমারটি ছড়িয়ে পড়েছিল পেটের একাধিক স্থানে। ফলে তা বাদ দিতে গিয়ে চিকিৎসকদের চরম চ্যালেঞ্জের মুখে পড়তে হয়।

শেষ আপডেট: 21 July 2025 15:46
দ্য ওয়াল ব্যুরো: এক বিরল অস্ত্রোপচারের সাক্ষী থাকল দিল্লির সফদারজং হাসপাতাল। চিকিৎসকরা এক রোগীর পেট থেকে ১০.৬ কেজি ওজনের টিউমার সফলভাবে বাদ দিয়েছেন। এই টিউমারটি ক্যানসারাস এবং এতটাই বড় ছিল যে, রোগীর পেট জুড়ে ছড়িয়ে পড়ে একাধিক অঙ্গ-প্রত্যঙ্গে চরম চাপ তৈরি করছিল।
টিউমারটি ছিল গ্যাস্ট্রোইনটেস্টিনাল স্ট্রোমাল টিউমার (GIST), যা ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্রের টিস্যুতে গড়ে ওঠা একটি বিরল ধরনের ক্যানসার। চিকিৎসকদের ভাষায়, এটি হয় বিশেষ কোশে, যাদের বলা হয় ইন্টারস্টিসিয়াল সেলস অফ ক্যাজাল (interstitial cells of Cajal)। সহজ ভাষায় বলতে গেলে, এরা হজমতন্ত্রের 'পেসমেকার' হিসেবে কাজ করে।
হাসপাতালের বিবৃতিতে জানানো হয়েছে, রোগী গত আট মাস ধরে পেটের অস্বস্তি, পেট ভারি লাগা ও মলমূত্র সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। স্ক্যান করার পর দেখা যায়, টিউমারটি পেটের ভিতরকার গুরুত্বপূর্ণ রক্তনালী (external iliac vessels) জড়িয়ে ফেলেছে এবং ডান দিকের কিডনিতে জলও জমে গিয়েছে। চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় যাকে হাইড্রোনেফ্রোসিস (hydronephrosis) বলা হয়।
টিউমারটি শুধু এক জায়গায় ছিল না, ছড়িয়ে পড়েছিল পেটের একাধিক স্থানে। ফলে তা বাদ দিতে গিয়ে চিকিৎসকদের চরম চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। অস্ত্রোপচারের সময় টিউমারটি ধরে রাখা, সরানো এবং অঙ্গগুলি ক্ষতিগ্রস্ত না করেই অস্ত্রোপচার শেষ করা অত্যন্ত কঠিন ছিল।
ডা. সন্দীপ বংসাল, সফদারজং হাসপাতালের ডিরেক্টর ও বর্ধমান মহাবীর মেডিকেল কলেজের প্রধান, বলেন, “এটি চিকিৎসাবিজ্ঞানে আমাদের দলের এক অনন্য সাফল্য। এত বড় একটি টিউমার, যা বহু অঙ্গ-প্রত্যঙ্গে যুক্ত ছিল, সফলভাবে বাদ দিতে পারা আমাদের চিকিৎসকদের দক্ষতা এবং আন্তঃবিভাগীয় সমন্বয়ের এক উজ্জ্বল নিদর্শন।”
তিনি আরও বলেন, “এই ধরনের জটিল অস্ত্রোপচারে শুধুমাত্র সার্জন নয়, অ্যানেস্থেসিস্ট, নার্স এবং পোস্ট-অপারেটিভ টিমের প্রতিটি সদস্যের সমন্বয় জরুরি।”
হাসপাতাল জানিয়েছে, রোগীর পেট থেকে সম্পূর্ণ টিউমারটি বাদ দেওয়া সম্ভব হয়েছে এবং অস্ত্রোপচারের পরে তিনি ধীরে ধীরে সুস্থও হয়ে উঠছেন। বর্তমানে মেডিক্যাল অনকোলজি বিভাগের তত্ত্বাবধানে তাঁর শরীরের প্রতিক্রিয়া ও সেরে ওঠার প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করা হচ্ছে।
এই সাফল্য শুধু সফদারজং হাসপাতালের নয়, বরং গোটা দেশের চিকিৎসাক্ষেত্রের জন্য একটি অনন্য উদাহরণ। এত বড় একটি ক্যানসারাস টিউমারের সফল অস্ত্রোপচার নিঃসন্দেহে আধুনিক চিকিৎসা-প্রযুক্তির এই বড় মাইলফলক।