হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, প্রাচীকে যখন আনা হয়, তখন তার হৃদস্পন্দন বন্ধ ছিল। দীর্ঘক্ষণ ধরে CPR ও অক্সিজেন দেওয়া হলেও, কোনও লাভ মেলেনি।

মৃত নাবালিকা
শেষ আপডেট: 17 July 2025 09:25
দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের (Rajasthan) সীকর জেলার দান্তা শহরের একটি স্কুলে টিফিনের সময় আচমকা সংজ্ঞা হারিয়ে মৃত্যু হল চতুর্থ শ্রেণির এক ছাত্রীর (Minor Girl Death)। মৃতার নাম প্রাচী কুমাওয়াত (৯)। প্রাথমিক ভাবে চিকিৎসকদের অনুমান, হৃদরোগে আক্রান্ত (Heart Attack) হয়েই এমন দুর্ঘটনা ঘটেছে।
স্কুল সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো নিয়মমাফিক ক্লাস করছিল প্রাচী। প্রার্থনায় যোগ দিয়েছিল, খেলাধুলাও করছিল আগের মতোই। তবে টিফিনের সময়ে (Tiffin Time) সহপাঠীদের সঙ্গে বসে খাওয়ার সময় আচমকাই মাথা ঝুঁকে পড়ে যায় টিফিন বক্সের উপরে। সঙ্গে সঙ্গেই স্কুলের শিক্ষিকারা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, প্রাচীকে যখন আনা হয়, তখন তার হৃদস্পন্দন (Heartbeat) বন্ধ ছিল। দীর্ঘক্ষণ ধরে CPR ও অক্সিজেন দেওয়া হলেও, কোনও লাভ মেলেনি। পরে একটি বড় হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল, তবে চিকিৎসকরা তাকে মৃত বলেই ঘোষণা করেন।
ওই স্কুলের প্রিন্সিপাল নন্দকিশোর তিওয়ারি জানিয়েছেন, টানা তিন-চার দিন ঠান্ডা লেগে স্কুলে আসেনি প্রাচী। সোমবার থেকে ফের স্কুলে আসা শুরু করেছিল। তবে সে যে অসুস্থ, এটাও মনে হয়নি।
পরিবারের দাবি, প্রাচীর কোনও দীর্ঘস্থায়ী শারীরিক সমস্যা ছিল না। তবে চিকিৎসকদের ধারণা, হয়তো আগে থেকেই তার হৃদযন্ত্রে কোনও সমস্যা ছিল, যা পরিবারের জানা ছিল না। যেহেতু পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্তে সম্মতি দেওয়া হয়নি, তাই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা যায়নি।
প্রাচীর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ স্কুল এবং পরিবার। স্থানীয় বাসিন্দারাও এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন।