পুলিশের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত বিবাদ থেকেই এই জোড়া হত্যাকাণ্ড। তবে অভিযুক্তের মানসিক অবস্থা, ঘটনার পেছনের উদ্দেশ্য এবং দু’টি হত্যার মধ্যে যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে।

ফাইল ছবি
শেষ আপডেট: 17 January 2026 12:33
দ্য ওয়াল ব্যুরো: গোয়ায় (Goa) চাঞ্চল্যকর ঘটনা। একই নামের দুই রাশিয়ান তরুণীর দেহ উদ্ধার (Two Russian Women Died) হয়েছে। আর এই ঘটনায় খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক রুশ নাগরিককেই (Russian Citizen)। ধৃত ব্যক্তির নাম আলেক্সে (আলেকসেই) লিওনভ (৩৭)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পৃথক দু’টি ঘটনায় তিনি দুই রুশ মহিলাকে খুন করেছেন - দু’জনেরই বয়স ৩৭ বছর।
প্রথম ঘটনাটি ঘটে মোরজিম (Morjim) এলাকায়। পুলিশের দাবি, ১৪ জানুয়ারি রাত ১১টার পর, একটি বিবাদের জেরে ওই রুশ নাগরিক এলেনা ভানেইভাকে নিজের ঘরেই ছুরি দিয়ে গলা কেটে খুন করেন লিওনভ। ভানেইভার বাড়িওয়ালার অভিযোগের ভিত্তিতে এই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।
এর পরদিন, ১৫ জানুয়ারি সন্ধেয়, লিওনভ মোরজিম থেকে প্রায় আট কিলোমিটার দূরে আরামবোল (Arambol) এলাকায় যান। সেখানে ভাড়াবাড়িতে থাকতেন তাঁর বান্ধবী এলেনা কাস্তানোভা। পুলিশ জানায়, ওই রাতেই দু’জনের মধ্যে তীব্র বিবাদ হয়।
তদন্তকারীদের দাবি, লিওনভ প্রথমে কাস্তানোভার হাত-পা বেঁধে তাঁকে ঘরে আটকে রাখার চেষ্টা করেন। কাস্তানোভা পালানোর চেষ্টা করলে তিনি ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করেন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে।
আরামবোলের ভাড়াবাড়ির মালিক উত্তম নায়েক ঘটনার পর গোয়া পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে। শুক্রবার দুই মহিলার দেহ উদ্ধার করা হয়।
গোয়া পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মামলা নম্বর ০৫/২৬-এ ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ১২৬(২) ও ১০৩(১) ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত বিবাদ থেকেই এই জোড়া হত্যাকাণ্ড। তবে অভিযুক্তের মানসিক অবস্থা, ঘটনার পেছনের উদ্দেশ্য এবং দু’টি হত্যার মধ্যে যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে।
মন্দ্রেম থানার পুলিশ লিওনভকে গ্রেফতার করেছে। জোড়া খুনের ঘটনায় তদন্ত এখনও চলছে, জানিয়েছে পুলিশ প্রশাসন। উত্তর গোয়ার পর্যটন এলাকায় এমন ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।