কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩০৬ জন। মৃত্যু হয়েছে ছ’জনের।

নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 11 June 2025 14:28
দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে ফের আতঙ্ক বাড়িয়েছে করোনা সংক্রমণ (Coronavirus)। আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে সাড়ে ৬ হাজার পার করেছে। এই অবস্থায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল প্রধানমন্ত্রীর দফতর (PMO)। জানান হল, এবার থেকে প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) সঙ্গে দেখা করতে গেলে করাতে হবে আরটি-পিসিআর টেস্ট (RT-PCR Test)। কোভিড পরীক্ষায় ফল 'নেগেটিভ' এলেই তবে সাক্ষাৎ করা যাবে নরেন্দ্র মোদীর সঙ্গে।
বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত সহ একাধিক সাংসদ, বিধায়ক মিলিয়ে মোট ৭০ জনের সাক্ষাৎ করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। সূত্রের খবর, তাঁদের সকলের কোভিড পরীক্ষা করানো হবে। সেই পরীক্ষায় 'পাশ' করলে তবেই তাঁরা দেখা করতে পারবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। উল্লেখ্য, দিল্লি বিধানসভা নির্বাচনের জয় উদযাপন করতে বিজেপি নেতৃত্বকে নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রীর বাসভবনে। তার আগেই সকলের হবে করোনা পরীক্ষা।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩০৬ জন। মৃত্যু হয়েছে ছ’জনের। ভারতে বর্ষা শুরু হতেই সংক্রমণের হালকা বাড়বাড়ন্ত নজরে এসেছে। ফলে স্বাস্থ্য দফতর এবং চিকিৎসক মহল থেকে আবারও মাস্ক পরা, ভিড় এড়িয়ে চলা এবং প্রয়োজন হলে টেস্ট করানো — এই পুরনো অভ্যাসগুলিতে ফিরতে পরামর্শ দেওয়া হচ্ছে।
স্বাস্থ্যকর্মীদের অবশ্য বক্তব্য, বেশিরভাগ সংক্রমণই মৃদু প্রকৃতির এবং রোগীরা ঘরেই সেরে উঠছেন। তবে মাঝেমাঝে তার প্রকোপ বেড়ে ওঠার আশঙ্কা থেকেই যাচ্ছে। সেই কারণেই সুরক্ষা বজায় রাখতে প্রধানমন্ত্রীর দফতর এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মত।
ইন্ডিয়ান সার্স-কোভ-২ জেনোমিক্স কোনসর্টিয়ম (INSACOG)-এর রিপোর্ট বলছে, ভারতে বর্তমানে যে কোভিড ভ্যারিয়েন্ট চিন্তা বাড়াচ্ছে তা হল - XFG প্রজাতি (XFG Variant)। যদিও তারা বলছে, এখনই মারাত্মক ভয় পাওয়ার কোনও কারণ নেই। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, আগেভাগে নজরদারি ও স্বাস্থ্যবিধি মেনে চললে বিপদ কাটতে পারে।
XFG হল করোনার ওমিক্রন সাবভ্যারিয়েন্টের একটি রূপান্তরিত রূপ। প্রথমবার এটি ধরা পড়ে কানাডায়। গবেষণা পত্রিকা ল্যানসেট-এর একটি সমীক্ষায় বলা হয়েছে, এই ভ্যারিয়েন্টের উৎস LF.7 এবং LP.8.1.2 সাবলাইনের মধ্য থেকে, যা চারটি গুরুত্বপূর্ণ স্পাইক মিউটেশন বহন করে। এই বৈশিষ্ট্যগুলির জেরে XFG ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়িয়ে পড়ছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই ভ্যারিয়েন্ট শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতাকে এড়িয়ে যেতে পারে। এর অর্থ, খুব তাড়াতাড়ি শরীরকে কাবু করার ক্ষমতা রয়েছে এই করোনা প্রজাতির।