মকর সংক্রান্তির অনুষ্ঠানে বড় ঘোষণা তেজ প্রতাপ যাদবের। জনশক্তি জনতা দলের সঙ্গে হাত মেলাতে চলেছে রাষ্ট্রীয় জনতা দল।
.jpeg.webp)
ফাইল চিত্র
শেষ আপডেট: 14 January 2026 23:08
দ্য ওয়াল ব্যুরো: জনশক্তি জনতা দল (JJD)-এর সঙ্গে রাষ্ট্রীয় জনতা দল (RJD) হাত মেলাতে চলেছে। বুধবার এমনই ঘোষণা করলেন JJD নেতা তেজ প্রতাপ যাদব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, খুব শিগগিরই RJD, JJD-র সঙ্গে মিশে যাবে।
মকর সংক্রান্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে এই ঘোষণা করেন তেজ প্রতাপ। তিনি বলেন, “মকর সংক্রান্তির দিনে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। অনেকেই এসেছেন, কেউ কেউ এখনও আসছেন। আরজেডি, জেজেডি-র সঙ্গে একীভূত হবে।”
এই ঘোষণার ঠিক আগে পটনায় তেজ প্রতাপ যাদবের উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘দই-চূড়া’ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই দীর্ঘদিনের দূরত্ব কাটিয়ে তেজ প্রতাপের সঙ্গে একসঙ্গে দেখা যায় RJD সুপ্রিমো লালু প্রসাদ যাদবকে। পটনার বাসভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিহারের রাজ্যপাল আরিফ মহম্মদ খান, উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা, RLJP প্রধান পশুপতি কুমার পারস, পাশাপাশি বিহার সরকারের একাধিক মন্ত্রী ও রাজনৈতিক নেতা।
অনুষ্ঠান প্রসঙ্গে তেজ প্রতাপ বলেন, দই-চূড়ার ভোজ ছিল একেবারেই জমজমাট। বাবার আশীর্বাদ পাওয়াটাই তাঁর কাছে সবচেয়ে বড় বিষয়। তাঁর কথায়, “তেজু ভাইয়ার ভোজ যদি সুপার ডুপার হিট না হয়, তাহলে আর কার হবে? দই-চূড়ার এক বিরাট ভোজের আয়োজন করা হয়েছিল। আমাদের কাছে বাবা-মা ঈশ্বরের মতো। তাঁদের আশীর্বাদ আমরা সব সময়ই চাই।”
অনুষ্ঠানে তেজস্বী যাদবের উপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তেজ প্রতাপ জানান, তিনি ছোট ভাইকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে তেজস্বী সাধারণত দেরিতে ওঠেন বলেও মন্তব্য করেন তিনি।
তেজ প্রতাপ আরও জানান, লালু যাদব এবং বিহারের রাজ্যপালের আশীর্বাদ নিয়েই তিনি বিহার জুড়ে নিজের যাত্রা শুরু করবেন। তাঁর কথায়, “বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ নিয়েই যাত্রা শুরু করতে হয়। লালু জি এসেছেন, রাজ্যপাল আরিফ জিও এসেছেন। এবার বিহার জুড়ে যাত্রা শুরু করব।”