এটা শুধু ভুল খাবার সংক্রান্ত কোনও ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত চলছে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 19 October 2025 18:11
দ্য ওয়াল ব্যুরো: নিরামিষাশী এক ব্যক্তিকে নন-ভেজ বিরিয়ানি দেওয়া হয়েছে, এই অভিযোগে রেস্তরাঁর মালিককে গুলি করে খুন করা হল। ঘটনাটি ঘটেছে রাঁচিতে।
জানা গিয়েছে, শনিবার রাত প্রায় ১১:৩০ টার সময় ওই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, কাংকে-পিথোরিয়া রোডের ওই রেস্তরাঁতে খাবার নিতে আসেন এক ব্যক্তি। ভেজ বিরিয়ানি অর্ডার করেছিলেন তিনি। পার্সেল নিয়ে চলে যান। খানিকক্ষণ পর আরও কিছু লোকজন নিয়ে তিনি ফিরে আসেন এবং অভিযোগ করেন তিনি নিরামিষাশী হওয়া সত্ত্বেও তাঁকে নন-ভেজ বিরিয়ানি দেওয়া হয়েছে।
পুলিশ সুপার (গ্রামীণ) প্রবীণ পুষ্কর জানিয়েছেন, ঘটনার সময় রেস্তরাঁর মালিক ৪৭ বছর বয়সি বিজয় কুমার নাগ রাতের খাবার খাচ্ছিলেন, তখন একজন হামলাকারী তাঁর উপর গুলি চালায়। একটি তাঁর বুকে লাগে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান।
বিজয় কাংকে থানার ভিটঠা এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর দেহ রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (RIMS)-এ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে।
স্থানীয়রা রবিবার সকালে কাংকে-পিথোরিয়া রোড অবরোধ করেন, এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন। পুলিশ আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নেওয়া হয়।
পুলিশ আরও জানিয়েছে, এটা শুধু ভুল খাবার সংক্রান্ত কোনও ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত চলছে।