পাকিস্তানের বিরুদ্ধে সিঁদুর অভিযান করেছিল ভারতীয় সেনা। রাজনাথ বলছেন, এই অভিযানই প্রমাণ করেছে যে সন্ত্রাস মোকাবিলায় দিল্লি নরম নীতি নেবে না।

রাজনাথ সিং
শেষ আপডেট: 23 August 2025 13:36
দ্য ওয়াল ব্যুরো: ভারতের (India) ক্ষমতা নিয়ে পাকিস্তানের (Pakistan) কোনও সন্দেহ থাকাই উচিত নয় - আবারও এই ভাষায় পড়শি দেশকে কড়া বার্তা দিল ভারত। দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) ফের একবার ইসলামাবাদকে হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর স্পষ্ট কথা, ভারতের সামরিক ক্ষমতাকে পাকিস্তানের ভয় পেতেই হবে।
জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার (Pahalgam Attack) পর পাকিস্তানের বিরুদ্ধে সিঁদুর অভিযান করেছিল ভারতীয় সেনা (Indian Army)। রাজনাথ বলছেন, এই অভিযানই প্রমাণ করেছে যে সন্ত্রাস মোকাবিলায় দিল্লি নরম নীতি নেবে না। অর্থনৈতিক টাইমস ওয়ার্ল্ড লিডারস ফোরামে যোগ দিয়েছিলেন রাজনাথ সিং। সেখান থেকেই পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনিরের সাম্প্রতিক মন্তব্যেরও সমালোচনা করেন তিনি।
সম্প্রতি আসিম মুনির (Asim Munir) মন্তব্য করেছিলেন ভারত মার্সিডিজ গাড়ি হলে তাঁরা ডাম্পার ট্রাক। প্রতিরক্ষমন্ত্রী বলেন, পাকিস্তান সেনাপ্রধান এই মন্তব্য করে আসলে ইসলামাবাদের ব্যর্থতার কথা স্বীকার করেছে। তাঁর কথায়, “স্বাধীনতার সময় দুই দেশ একসঙ্গে পথ চলা শুরু করেছিল। একটি দেশ সঠিক নীতি আর কঠোর পরিশ্রমে অর্থনীতি গড়ে তুলেছে, অন্যটি ব্যর্থতার রাস্তায় চলে গেছে।”
প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, “অপারেশন সিঁদুর দেখিয়েছে, ভারত জাতীয় সম্মান ও নিরাপত্তার ক্ষেত্রে আপস করবে না। পাকিস্তানের মনে ভারতের শক্তি নিয়ে কোনও ভ্রান্ত ধারণা গড়ে উঠতে দেব না।” তাঁর এও সংযোজন, ভারত আধিপত্য বিস্তারে বিশ্বাস করে না, বরং সহমর্মিতা ও বন্ধুত্ব বজায় রেখেই চলতে চায়। তবে কেউ ভারতের ক্ষতি করতে চাইল, পাল্টা জবাব পাবেই।