বিগ বস সিজন ১৯ শুরু হতে আর বেশি দেরি নেই। আগামী ২৪ অগস্ট প্রিমিয়ার হওয়ার কথা এই জনপ্রিয় রিয়েলিটি শো'র। প্রতিযোগীদের নাম নিয়ে জোর জল্পনা চলছে।

বিগবসে হিমাংশি?
শেষ আপডেট: 10 August 2025 17:00
দ্য ওয়াল ব্যুরো: বিগ বস সিজন ১৯ শুরু হতে আর বেশি দেরি নেই। আগামী ২৪ অগস্ট প্রিমিয়ার হওয়ার কথা এই জনপ্রিয় রিয়েলিটি শো'র। প্রতিযোগীদের নাম নিয়ে জোর জল্পনা চলছে। এ বার নতুন করে উঠে এসেছে একটি নাম— হিমাংশি নারওয়াল। তিনি পহলগামের জঙ্গি হামলায় নিহত নৌসেনা কর্মকর্তা বিনয় নারওয়ালের স্ত্রী এবং বিগবস OTT 2–এর বিজেতা এলভিশ যাদবের কলেজের সহপাঠী।
মুম্বইয়ের একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, নির্মাতারা হিমাংশিকে শো–তে আনার কথা ভাবছেন। সূত্রের বক্তব্য, “নির্মাতারা এমন কিছু মানুষ চাইছেন যাদের সঙ্গে দর্শক তাৎক্ষণিকভাবে সংযোগ অনুভব করবে। সেই কারণেই হিমাংশি নারওয়ালকে বিবেচনা করা হচ্ছে। তবে এখনও নিশ্চিত কিছু নয়।” যদিও হিমাংশি তরফে এখনও এ নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। প্রস্তাব পেলেও তিনি রাজি হবেন কিনা সেটাও দেখার বিষয়।
কাশ্মীরের পহেলগামে ২২ এপ্রিল, ২০২৫–এ জঙ্গি হামলায় নিহত হন এই নৌসেনা কর্মকর্তা। তখন দম্পতি ছিলেন হানিমুনে। স্বামীর মৃতদেহের পাশে কান্নায় ভেঙে পড়া হিমাংশির ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
এলভিশ যাদব পরে এক ভ্লগে জানান, হিমাংশি তাঁর কলেজের সহপাঠী ছিলেন। তিনি বলেন, “আমি ২০১৮–তে কলেজ শেষ করি। তখন থেকেই আর কথা হয়নি। গুরগাঁও, দিল্লি আমার শহর। আমরা একসঙ্গে অনেক মজা করতাম, একসঙ্গে মেট্রো স্টেশনে যেতাম। নম্বর ছিল, কিন্তু এমন পরিস্থিতিতে ফোন করা সম্ভব নয়।”
হিমাংশি অংশ নেবেন কি না তা এখনও স্পষ্ট নয়। তবে শো–তে যোগ দেওয়ার জন্য যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন শৈলেশ লোধা, গুরুচরণ সিং, মুনমুন দত্ত, লতা সাবেরওয়াল, ফয়সাল শেখ, জন্নত জুবের, পুরভ ঝা, অপরূপা মুখিজা এবং আরও অনেকে।