রাহুলের বক্তব্য ছিল, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কারচুপি হয়েছিল। না হলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে পারতেন না।

রাজনাথ সিং এবং রাহুল গান্ধী
শেষ আপডেট: 2 August 2025 17:58
দ্য ওয়াল ব্যুরো: ভোট চুরির অভিযোগ তুলে নির্বাচন কমিশন (ECI) এবং কেন্দ্রের বিজেপি সরকারের (BJP) বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর সেই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। কী বললেন তিনি?
রাহুলের বক্তব্য ছিল, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে (2024 Loksabha Election) কারচুপি হয়েছিল। না হলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী (Narendra Modi) হতে পারতেন না। শুধু তাই নয়, তিনি এও দাবি করেন, আগামী কয়েক দিনের মধ্যেই প্রমাণ করে দেখাবেন কীভাবে নির্বাচন সাজানো যায়! এর প্রতিক্রিয়ায় রাজনাথের কটাক্ষ, ‘‘রাহুল বলছেন তাঁর কাছে অ্যাটম বোমা আছে। যদি সত্যিই থাকে, তা হলে সেটা এখনই ফাটান। শুধু দেখে নিন, আপনি নিজে যেন তার ধাক্কায় উড়ে না যান।’’
অতীতের কথা তুলে ধরে রাজনাথ মনে করিয়ে দেন, একসময় সংসদে দাঁড়িয়ে কংগ্রেস সাংসদ (রাহুল) বলেছিলেন, তাঁর বক্তৃতার ফলে নাকি সংসদে ভূমিকম্প হবে। কিন্তু শেষ পর্যন্তযে পুরো ব্যাপারটাই নিস্তেজ হয়ে গিয়েছিল, সেটা সকলের মনে রয়েছে।
নির্বাচন কমিশনকে নিশানা করে রাহুল বলেছিলেন, ভারতের গণতান্ত্রিক কাঠামো ও ভোট প্রক্রিয়া ভেঙে পড়েছে। নির্বাচন ব্যবস্থা আসলে মৃত। গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। এই প্রসঙ্গে রাজনাথ সিং বলেন, ‘‘এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, যার নিরপেক্ষতা ও ভাবমূর্তি আন্তর্জাতিক স্বীকৃত। তাই এভাবে সন্দেহ ছড়িয়ে দেওয়া শোভা পায় না।’’
প্রসঙ্গত, ২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপি জোট ২৯০টির মতো আসন পেলেও রাহুলের বক্তব্যে স্পষ্ট, অন্তত কিছু আসনে ‘প্রভাব খাটিয়ে’ জয় ছিনিয়ে নেওয়া হয়েছে। এবার সেই অভিযোগের প্রেক্ষিতেই চাঁচাছোলা জবাব দিল বিজেপি।