নিজের মন্তব্যের প্রেক্ষিতে ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধ প্রসঙ্গও টেনেছেন রাজনাথ সিং।

রাজনাথ সিং
শেষ আপডেট: 30 May 2025 22:34
দ্য ওয়াল ব্যুরো: পহেলগাম হামলার (Pahalgam Attack) বদলা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) অভিযান করেছিল ভারত। তাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীর মিলিয়ে ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয়েছে। ১০০-র বেশি সন্ত্রাসবাদীও নিকেশ করতে সক্ষম হয়েছে সেনাবাহিনী। এছাড়া পাকিস্তানের একাধিক জায়গায় এয়ারস্ট্রাইক করেছিল ভারত। দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) সেই অভিযান প্রসঙ্গেই নতুন করে হুঁশিয়ারি দিলেন পাকিস্তানকে।
ভারতীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধজাহাজ 'আইএনএস বিক্রান্ত'-এ (INS Vikrant) নৌসেনার আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন রাজনাথ সিং। সেখান থেকেই তিনি 'অপারেশন সিঁদুর' প্রসঙ্গে বলেন, ''ভারতের নৌসেনা বাকি দুই বাহিনীর সঙ্গে যদি এই অভিযানে থাকত তাহলে পাকিস্তান হয়তো ৪-৫ টুকরো হয়ে যেতে পারত। কিন্তু তাঁরা ছিল না। তবে শুধু স্থলসেনা এবং বায়ুসেনা যা করেছে তাতেই পাকিস্তানের মাটি কেঁপে গেছে।''
নিজের মন্তব্যের প্রেক্ষিতে ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধ প্রসঙ্গও টেনেছেন রাজনাথ সিং। তাঁর কথায়, সেই সময়ে ভারতীয় নৌসেনা ময়দানে নামার পরই পাকিস্তান দু'টুকরো (পাকিস্তান -পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশ) হয়ে গেছিল। সেই কারণে যদি 'অপারেশন সিঁদুর'-এর সময়ে তাঁরা বাকি দুই সেনার সঙ্গে যুক্ত হত, তাহলে তো অন্তত ৪ টুকরো হয়ে যেত পাকিস্তান।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই অভিযান প্রসঙ্গে পাকিস্তানকে কড়া বার্তা এখনও দিয়ে চলেছেন। তাঁর সাফ কথা, 'অপারেশন সিঁদুর' এখনও চলছে। পাকিস্তান যতদিন না পর্যন্ত সন্ত্রাসবাদকে মদত দেওয়া বন্ধ করবে ততদিন এই অভিযান সক্রিয় থাকবে। পাকিস্তান বরাবর আলোচনার কথা বললেও মোদী স্পষ্ট করেছেন, পড়শি দেশের সঙ্গে কোনও আলোচনা হলে তা শুধুমাত্র হবে সন্ত্রাসবাদ এবং পাক অধিকৃত কাশ্মীর নিয়ে। দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের গলাতেও একই সুর।
রাজনাথ নৌসেনার আধিকারিকের সঙ্গে সাক্ষাতের পরই বলেন, পাকিস্তানের উচিত তাদের মাটি থেকে সন্ত্রাসবাদের শিকড় উপড়ে ফেলা। আর যদি তারা এই কাজ শুরু করতে ইচ্ছুক হয় তাহলে সর্বপ্রথম হাফিস সইদ এবং মাসুদ আজহারকে ভারতের হাতে তুলে দিতে হবে। যদিও পাকিস্তান স্বীকারই করে না যে এই দুই জঙ্গি তাঁদের সেনার আশ্রয়ে রয়েছে।