পাঞ্জাব ও পশ্চিমবঙ্গ থেকেও পুলিশ আসছে জ্যোতিকে জেরা করতে।

জ্যোতি মালহোত্রা।
শেষ আপডেট: 24 May 2025 17:20
দ্য ওয়াল ব্যুরো: পাক চর সন্দেহে হরিয়ানার হিসার পুলিশ হেফাজতে থাকা জ্যোতি মালহোত্রাকে জেরা করতে চায় বিভিন্ন রাজ্যের পুলিশ। ট্রাভেল ভ্লগার হওয়ার কারণে জ্যোতিরানি ট্রাভেল উইথ জো ইউটিউব চ্যানেলের জন্য দেশের বিভিন্ন প্রান্তে ঘুরেছেন। সেখান থেকে তিনি আদৌ কোনও তথ্য সংগ্রহ করেছেন কিনা তা জিজ্ঞাসাবাদ করতে হিসার পৌঁছে গিয়েছে রাজস্থান ও জম্মু-কাশ্মীর পুলিশ।
শুক্রবারই জ্যোতিকে জিজ্ঞাসাবাদ করে মধ্যপ্রদেশ পুলিশ। তিনি উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরেও ইউটিউব চ্যানেলের জন্য পর্যটন বিবরণের শ্যুট করেছিলেন। যদিও মধ্যপ্রদেশ পুলিশ সূত্র জানিয়েছে, তাঁকে জেরা করে তেমন কোনও তথ্য উদ্ধার করা যায়নি। গতবছর এপ্রিলে জ্যোতি শৈবতীর্থ মহাকালেশ্বর মন্দিরে গিয়েছিলেন।
উজ্জয়িনীর অতিরিক্ত এসপি নীতেশ ভার্গব জানিয়েছেন, তাঁকে জেরা করে সন্দেহজনক কোনও তথ্য উদ্ধার করা যায়নি। আসলে মহাকালেশ্বর মন্দির খুবই স্পর্শকাতর তীর্থক্ষেত্র। প্রতিদিন সেখানে হাজার হাজার পুণ্যার্থী আসেন। বিদেশ থেকেও বহু মানুষ আসেন। তাই এ ধরনের ঘটনায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা জরুরি ছিল। আমরা স্বতঃপ্রণোদিতভাবে একটি টিম হিসারে পাঠিয়েছিলাম। এএসপি আরও জানান, উনি সাধারণ ভক্তদের লাইনে দাঁড়িয়ে দর্শন করেছিলেন। এর মধ্যে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
হিসার পুলিশ জ্যোতিকে প্রথমে ৫ দিন ও পরে ৪ দিনের হেফাজতে নেয়। তাঁকে এখনও জেরা করা চলছে। জ্যোতি তাঁর ট্রাভেল চ্যানেলের জন্য রাজস্থান ও কাশ্মীরেও গিয়েছিলেন। তাই এই দুই রাজ্যের পুলিশও হিসারে গিয়েছে তাঁকে জেরার জন্য। সূত্রে জানা গিয়েছে, পাঞ্জাব ও পশ্চিমবঙ্গ থেকেও পুলিশ আসছে জ্যোতিকে জেরা করতে।
জ্যোতি সম্পর্কে এখনও কী কী তথ্য জানতে পারা গিয়েছে তা নিয়ে কিছু জানাতে অস্বীকার করেছে হিসার পুলিশ। জ্যোতির মোবাইল ফোন ও ল্যাপটপ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তা এসে গেলেই চিত্র অনেকটা পরিষ্কার হবে। জ্যোতি মালহোত্রা রাজস্থানের ভারত-পাক সীমান্ত, শ্রীনগর ছাড়াও দিল্লি, বারাণসী, অযোধ্যা, বৃন্দাবন, স্বর্ণমন্দির ছাড়াও পাকিস্তান, বাংলাদেশ, দুবাই, চিন, ভুটান, নেপাল, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে ভ্রমণের এপিসোড করেছিলেন।