ট্রেন কন্ট্রোলার (Train Controller) পদে উন্নীত হওয়ার আগে অন্তত তিন বছরের ট্রেন নেটওয়ার্কিং সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক করার জন্য ইতিমধ্যেই জোনাল রেলওয়ে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে রেলবোর্ড।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 28 June 2025 17:26
দ্য ওয়াল ব্যুরো: ট্রেনের শিডিউলিং থেকে লজিস্টিক্যাল প্ল্যানিং (Logistic planning), ডিসপ্লে বোর্ড (Display Board) আপডেট করা থেকে ট্রেনের অ্যারাইভাল (Train Arrival) ও ডিপারচার সংক্রান্ত সিদ্ধান্ত—সবক্ষেত্রেই মুখ্য ভূমিকা পালন করেন ট্রেন কন্ট্রোলাররা। কিন্তু দিনের পর দিন চাপে থেকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানো সহজ নয়। যাত্রীদের সুরক্ষা নিশ্চিত (Passengers Security) রাখতে এবার তাঁদের কাজের পরিবেশ উন্নত করার উদ্যোগ নিয়েছে রেলমন্ত্রক।
রেল বোর্ডের (Railways Board) নির্দেশে জানানো হয়েছে, প্রতি পাঁচ বছর অন্তর ট্রেন কন্ট্রোলারদের জন্য বিশেষ ‘রিফ্রেশার কোর্স’ বাধ্যতামূলক করা হবে। কর্মীদের মানসিক শান্তি বজায় রাখতে নিয়মিত যোগব্যায়াম (Yoga) এবং ধ্যান (Meditation) করানোর ব্যবস্থাও চালু হবে। এর পাশাপাশি ১৫ দিন অন্তর স্বাস্থ্য পরীক্ষা এবং কাউন্সেলিংয়ের মতো পরিষেবাও চালু করা হবে। এতে কর্মীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে সুস্পষ্ট ধারণা পাওয়া সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ট্রেন কন্ট্রোলার (Train Controller) পদে উন্নীত হওয়ার আগে অন্তত তিন বছরের ট্রেন নেটওয়ার্কিং সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক করার জন্য ইতিমধ্যেই জোনাল রেলওয়ে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে রেলবোর্ড। অভিজ্ঞতা সম্পন্ন ট্র্যাফিক ইন্সপেক্টর বা স্টেশন মাস্টারদেরই এই পদে নিযুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে।
রেলবোর্ডের আরও সিদ্ধান্ত, ট্রেন কন্ট্রোলারদের দক্ষতা বৃদ্ধির জন্য কন্ট্রোল অফিসের সমস্ত পদের কাজের ‘রোটেশন’ চালু করা হবে। এর ফলে কর্মীরা ভিন্ন ভিন্ন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবেন এবং তাঁদের কর্মদক্ষতা আরও বাড়বে।
রেলমন্ত্রকের (Ministry of Railways) এই উদ্যোগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ, ট্রেন কন্ট্রোলারদের সামান্য ভুলেই বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হয়। ফলে, এই পদে দক্ষ এবং অভিজ্ঞ কর্মীদের নিযুক্ত করা এবং তাঁদের কাজের পরিবেশ উন্নত করা যাত্রী সুরক্ষার ক্ষেত্রে বড় ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে।