শীলা ভালেড়াও-কে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর সদ্যোজাত সন্তানও বর্তমানে চিকিৎসাধীন। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় চিকিৎসা ব্যবস্থার গাফিলতি নিয়ে ফের একবার প্রশ্ন উঠেছে।

ছবি- এআই
শেষ আপডেট: 28 June 2025 15:37
দ্য ওয়াল ব্যুরো: সন্তান প্রসবের সময় প্রসূতির পেটে জেলির বদলে লাগিয়ে দেওয়া হল হাইড্রোক্লোরিক অ্যাসিড (Acid Applied On Pregnant Woman's Abdomen During Delivery)! মহারাষ্ট্রের জলনা জেলার এক সরকারি হাসপাতালের চরম গাফিলতির ঘটনা প্রকাশ্যে এল। গুরুতর জখম হয়েছেন ওই মহিলা। ইতিমধ্যেই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে জেলা স্বাস্থ্য দফতর। কীভাবে এই গাফিলতি হল, তাও খতিয়ে দেখা হবে।
জানা গিয়েছে, প্রসূতির নাম শীলা ভালেড়াও, বাড়ি খাপরখেড়া গ্রামে। শুক্রবার তাঁকে জলনা জেলার ভোকারদান তালুকের এক গ্রামীণ হাসপাতালে (Maharashtra Hospital) ভর্তি করা হয়। অভিযোগ, সন্তান প্রসবের জন্য তাঁকে ওটিতে নিয়ে যাওয়ার আগে এক নার্স মেডিকেটেড জেলির বদলে ভুল করে প্রসূতির পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড (Hydrochloric Acid) লাগিয়ে দেন। শরীরে অ্যাসিড পড়তেই শীলার পেটে দগদগে পোড়া ক্ষত তৈরি হয়। যদিও এই ভয়াবহ ভুলের মধ্যেও তিনি একটি সুস্থ সন্তান প্রসব করেছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে আরও জানা গিয়েছে, প্রসবের কাজে ব্যবহৃত মেডিক্যাল ট্রের উপর অ্যাসিডের বোতলটি ভুল করে রেখে দিয়েছিলেন এক সাফাই কর্মী। সাধারণত পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজেই হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। এই ঘটনায় হাসপাতালজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। জলনা জেলার সিভিল সার্জন ডাঃ আর.এস. পাটিল বলেন, ''এটি গুরুতর গাফিলতির ঘটনা। পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। যে বা যারা দায়ী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
শীলা ভালেড়াও-কে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর সদ্যোজাত সন্তানও বর্তমানে চিকিৎসাধীন। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় চিকিৎসা ব্যবস্থার গাফিলতি নিয়ে ফের একবার প্রশ্ন উঠেছে। কীভাবে অ্যাসিডের মতো বিপজ্জনক রাসায়নিক ওষুধের ট্রের পাশে রাখা হয়, অ্যাসিড ব্যবহারের আগে কীভাবে বোঝা গেল না, তা নিয়েও তদন্তে উঠে আসতে পারে আরও তথ্য।