সংবাদসংস্থা সূত্রে খবর, রেলের বিমলাগড় শাখার করমপদ এবং রেঞ্জদা সংযোগকারী লাইনে এর জেরে ব্যাপক ক্ষতি হয়নি। ট্রেন চলাচলেও বড় কোনও প্রভাব পড়বে না।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 4 August 2025 08:33
দ্য ওয়াল ব্যুরো: ফের রেলপথে বিস্ফোরণ। সন্দেহের তির মাওবাদীদের দিকে। ওড়িশা-ঝাড়খণ্ড সীমান্তে সুন্দরগড় জেলার করমপদ-রেঞ্জদা শাখার রেললাইন রবিবার বিকট শব্দে কেঁপে ওঠে। রেলট্র্যাকে পেতে রাখা আইইডি বিস্ফোরণে মৃত্যু হয় এক রেলকর্মীর। নিহতের নাম ইতুয়া ওঁরাও।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের তীব্রতা খুব বেশি না হলেও, ঘটনাস্থলের কাছেই মাওবাদীদের একটি পোস্টার মিলেছে। তাতে ফের জোরালো হয়েছে মাও-যোগের আশঙ্কা। আসলে ২৮ জুলাই থেকে ৩ অগস্ট পর্যন্ত ‘শহিদ সপ্তাহ’ পালনের ডাক দিয়েছে মাওবাদীরা। ঠিক এই সময়েই এই বিস্ফোরণ, ফলে তদন্তকারীদের মতে, বিস্ফোরণের পিছনে মাওবাদীদের হাতই রয়েছে। পুলিশের তরফেও সেই দিকেই নজর রাখা হচ্ছে।
সংবাদসংস্থা সূত্রে খবর, রেলের বিমলাগড় শাখার করমপদ এবং রেঞ্জদা সংযোগকারী লাইনে এর জেরে ব্যাপক ক্ষতি হয়নি। ট্রেন চলাচলেও বড় কোনও প্রভাব পড়বে না।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় প্রশাসনের থেকে সবুজ সংকেত পেলে দ্রুত ক্ষতিগ্রস্ত লাইনে মেরামতির কাজ শুরু হবে।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। নিহত রেলকর্মীর পরিবারের জন্য ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তার ঘোষণা করেছেন তিনি।
এখনও পর্যন্ত মাওবাদীদের তরফে এই বিস্ফোরণ নিয়ে কোনও দায় স্বীকার করা হয়নি। তবে সম্প্রতি মাওবাদী সক্রিয়তা বেড়েছে ওড়িশা ও ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকাগুলিতে। ফলে প্রশাসনের মাথাব্যথা বাড়ছে। নিরাপত্তারক্ষীদের টহলদারি আরও জোরদার করার পরিকল্পনা করা হচ্ছে।