রেলযাত্রীদের জন্য সুখবর! ২২ সেপ্টেম্বর থেকে রেল নীর জলের বোতলের দাম কমছে।

রেলযাত্রীদের জন্য আনন্দের খবর!
শেষ আপডেট: 21 September 2025 15:44
দ্য ওয়াল ব্যুরো: রেলযাত্রীদের জন্য আনন্দের খবর! ট্রেনে মিলবে সস্তায় জলের বোতল। নতুন জিএসটি হারের প্রভাবে রেলের বিভিন্ন পণ্যের দাম কমানো হয়েছে, যার মধ্যে বিশেষ সুবিধা পাবেন যাত্রীরা।
ভারতীয় রেলওয়ের ঘোষণা অনুযায়ী, এখন থেকে রেল নীরের এক লিটার বোতলের দাম পড়বে ১৪ টাকা, যা আগে ছিল ১৫ টাকা। একইভাবে, ৫০০ মিলিলিটার বোতলের দাম কমে ৯ টাকা হয়েছে, আগের দাম ছিল ১০ টাকা।
রেলের জেনারেল ম্যানেজার এবং আইআরসিটিসির সিএমডিকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ সেপ্টেম্বর থেকে এই নতুন দাম কার্যকর হবে। এছাড়া, রেল স্টেশনে বিক্রি হওয়া অন্যান্য শর্টলিস্ট করা বোতলের সর্বাধিক বিক্রয় মূল্যও নতুন হারে সমন্বয় করতে বলা হয়েছে।
উল্লেখ্য, রেল নীর হল ভারতীয় রেলের একটি সিগনেচার পণ্য। যাত্রীদের সুবিধার জন্য ২০০৩ সালে আইআরসিটিসি পশ্চিম দিল্লির নাঙ্গলোইতে প্রথম প্ল্যান্ট স্থাপন করে। শুরুতে শুধু রাজধানী ও শতাব্দী এক্সপ্রেসে পরিষেবা চালু হয়েছিল, পরে তা অন্যান্য ট্রেনেও প্রসারিত করা হয়।