মঙ্গলবার লোকসভা কক্ষে 'অপারেশন সিঁদুর' নিয়ে মোদীর সরকারের বিরুদ্ধে তোপ দাগেন রাহুল গান্ধী। তিনি বলেন, পহেলগামে জঙ্গিহানার পর বিরোধী দলগুলি ঐক্যবদ্ধভাবে পাশে দাঁড়িয়েছিল সরকারের। দেশের বাহিনীকে সমর্থন জানিয়েছিল।
.jpg.webp)
প্রতীকী ছবি
শেষ আপডেট: 29 July 2025 19:56
দ্য ওয়াল ব্যুরো: একের পর এক ইস্যুতে মঙ্গলবার কেন্দ্র ও বিরোধীদের মধ্যে বাকযুদ্ধের জেরে সংসদের 'হাওয়া গরম' অবস্থা। ১৬ ঘণ্টার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে আজ। অধিবেশনের সপ্তম দিনে 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor), 'পহেলগাম হামলা (Pahalgam Terror Attack)' নিয়ে সরব বিরোধীরা। এরইমধ্যে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। কয়েক সেকেন্ডের ওই ক্লিপে একটি অশ্লীল শব্দ শোনা গেছে (ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল)। যদিও, নেটিজেনদের একাংশের দাবি, তিনি অন্য কথাই বলেছেন, শুনতে ভুল হচ্ছে। তবে এনিয়ে নানা প্রশ্ন উঠছে।
মি. সিনহা নামের এক এক্স হ্যান্ডেলে ওই ভিডিও ক্লিপ পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা, 'তিনি কি সত্যিই অশ্লীল শব্দ করলেন? অভ্যাসবশত!' সেই ভিডিও কমেন্টে আসল বিষয়টি স্পষ্ট করেছেন। আবার কেউ কেউ কংগ্রেস সাংসদের বিরুদ্ধেই অশ্লীল ভাষা প্রয়োগের অভিযোগ এনেছেন।
He just used the fu*king word... Habit? pic.twitter.com/US8kMn7DSk
— Mr Sinha (@MrSinha_) July 29, 2025
মঙ্গলবার লোকসভা কক্ষে 'অপারেশন সিঁদুর' নিয়ে মোদীর সরকারের বিরুদ্ধে তোপ দাগেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। তিনি বলেন, পহেলগামে জঙ্গিহানার পর বিরোধী দলগুলি ঐক্যবদ্ধভাবে পাশে দাঁড়িয়েছিল সরকারের। দেশের বাহিনীকে সমর্থন জানিয়েছিল। পাকিস্তানকে দোষারোপ করে রাহুল বলেন, ওরাই পহলগামে পর্যটকদের উপর এই নৃশংস, হৃদয়হীন ও নির্দয় হামলার নেতৃত্ব দিয়েছিল। এই সভার প্রত্যেকটি সদস্য পাকিস্তানের নিন্দা করেছেন।
তিনি আরও বলেন, কেউ যদি ভারতীয় বাহিনীকে ব্যবহার করতে চায়, তাহলে তাকে ১০০ শতাংশ রাজনৈতিক সদিচ্ছা প্রয়োগ করতে হবে। এবং বাহিনীকে অভিযান চালানোর সম্পূর্ণ স্বাধীনতা দিতে হবে।
রাহুল সরাসরি মোদীকে আক্রমণ করে বলেন, এ সবকিছুর লক্ষ্যই হল প্রধানমন্ত্রীর ভাবমূর্তিকে রক্ষা করে যাওয়া। সরকারকে টিপ্পনি কেটে রায়বরেলির সাংসদ বলেন, জয় হাসিল হয়েছে কিন্তু অভিযান এখনও শেষ হয়নি। আমি চিফ অফ ডিফেন্স স্টাফস জেনারেল চৌহানকে বলতে চাই, আপনার কোনও ভুল ছিল না। এটা সেই রাজনৈতিক নেতৃত্ব, যারা সেনাবাহিনীর হাত বেঁধে দিয়েছিল। সরকারকে বিঁধে রাহুল বলেন, যুদ্ধের মাঝপথে সংঘর্ষ বিরতি ঘোষণা করে আপনারা সেনাবাহিনীর হাত বেঁধে দিয়েছিলেন।
চিনকে (China) নিশানা করে রাহুল বলেন, আমি প্রথম থেকে বলছিলাম যে এই যুদ্ধে চিন তথ্য সরবরাহ করে পাকিস্তানকে সাহায্য করছে। পাকিস্তান ও চিন এক হয়েছে। যদি সরকার সেই সময় আমার কথা শুনত তাহলে অপারেশন সিঁদুরে ভারত পাঁচটি যুদ্ধবিমান হারাত না। মোদীকে তাক করে বলেন, ভারতকে চিন-পাকিস্তানি বাহিনীর মিশ্রণের সঙ্গে লড়তে হয়েছে। আমাদের প্রধানমন্ত্রীর এত সাহস নেই যে, ডোনাল্ড ট্রাম্পকে মিথ্যাবাদী বলেন। এবং সেনাবাহিনীকে বাকি থাকা কাজ শেষ করার নির্দেশ দেন, বলেন রাহুল।