শুক্রবার দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে ওবিসি সম্প্রদায়কে নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

ছবি সংগৃহীত
শেষ আপডেট: 25 July 2025 21:01
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সাহস নিয়ে তীব্র কটাক্ষ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর দাবি, "আসলে মোদীজির কোনও দম নেই। সংবাদমাধ্যম তাঁকে বেলুনের মতো ফুলিয়ে তুলেছে।" শুক্রবার দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে ওবিসি সম্প্রদায়কে নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই বিস্ফোরক মন্তব্য করেন তিনি।
সেই সভায় দেশের সামনে সবচেয়ে বড় সমস্যা কী— সেই প্রশ্ন ছুঁড়ে দেন রাহুল। উত্তরে এক দর্শক বলেন, “নরেন্দ্র মোদী।” রাহুল সঙ্গে সঙ্গে বলেন, “না, নরেন্দ্র মোদী বড় সমস্যা নয়। ওঁকে ঘিরে শুধু প্রচারটাই রয়েছে। আমি বহুবার ওঁর সঙ্গে দেখা করেছি, একসঙ্গে বসেছি, কথা বলেছি। আমার স্পষ্ট মনে হয়েছে, সবটাই লোক দেখানো। আসলে তিনি ততটাও শক্তিশালী নন, যতটা ভাবা হয়। তাঁকে অযথা গুরুত্ব দেওয়া হচ্ছে।”
नरेंद्र मोदी कोई हौव्वा नहीं है।
मीडिया वालों ने सिर्फ गुब्बारा बना रखा है- मैं उनसे मिला हूं। बस शो-बाजी हैं, कोई दम नहीं है।
: नेता विपक्ष श्री @RahulGandhi
📍 नई दिल्ली pic.twitter.com/yWF9e8gr6N— Congress (@INCIndia) July 25, 2025
রাহুলের এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। যদিও বিজেপির তরফে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। সভা থেকে আরও একটি বড় অভিযোগ তোলেন রাহুল— দেশের আমলাতন্ত্রে প্রান্তিক ও পিছিয়ে পড়া শ্রেণির প্রতিনিধিত্ব নেই বলেই মন্তব্য করেন তিনি।
রাহুলের কথায়, “ভারতের ৯০ শতাংশ মানুষ হলেন দলিত, অনগ্রসর, আদিবাসী ও সংখ্যালঘু। অথচ বাজেট ঘোষণার আগে যখন ‘হালুয়া অনুষ্ঠান’ হয়, তখন সেই ৯০ শতাংশের কাউকে সেখানে দেখা যায় না। হালুয়াটা আমরা বানাচ্ছি, আর খাচ্ছে অন্যেরা।”
ইংরেজি ভাষা নিয়ে বিজেপির অবস্থান নিয়েও তীব্র সমালোচনা করেন রাহুল। তাঁর কটাক্ষ, “ওরা বলছে ইংরেজি তুলে দেবে, অথচ ওদের নিজের সন্তানরা কোথায় পড়ে? ইংরেজি মাধ্যমেই তো! তারা কি লন্ডন-আমেরিকায় গিয়ে হিন্দিতে পড়ে? আঞ্চলিক ভাষা যেমন প্রয়োজনীয়, তেমনই সমান গুরুত্বপূর্ণ ইংরেজিও।”