বিষ্ণুজিৎ রানের বাবা প্রতাপসিং রানে গোয়ার রাজনীতিতে এক কিংবদন্তি নাম। সাত বার মুখ্যমন্ত্রী এবং টানা ৫০ বছরেরও বেশি সময় বিধায়ক ছিলেন তিনি। সেই অভিজ্ঞ রাজনীতিকের মুখ থেকেই রাহুলের আচরণের প্রসঙ্গ শুনেছিলেন বলে দাবি ছেলের।
.jpeg.webp)
ফাইল ছবি।
শেষ আপডেট: 12 September 2025 21:07
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মা হীরাবেন মোদীকে নিয়ে কংগ্রেসের তৈরি এআই ভিডিও (PM's AI Video Row) ঘিরে ফের উত্তাল রাজনীতি। বিজেপির একের পর এক অভিযোগের মাঝেই বিস্ফোরক দাবি করলেন গোয়ার মন্ত্রী তথা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া বিষ্ণুজিৎ রানে (Goa Minister)।
তাঁর দাবি, “আমার বাবা প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রতাপসিং রানে নিজে দেখেছিলেন, রাহুল গান্ধী (Rahul Gandhi) নিজের মা সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) সঙ্গে চিৎকার করছেন। মায়ের প্রতি যদি সংসারে তাঁর এই ব্যবহার হয়, তবে দেশবাসী কংগ্রেসের থেকে কীই বা আশা করতে পারে!”
বিষ্ণুজিৎ রানে শুক্রবার সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসের বিরুদ্ধে একাধিক কটাক্ষ করেছেন। লিখেছেন, “বিহার কংগ্রেসের তরফে যে এআই ভিডিও প্রচার করা হয়েছে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মাকে টেনে আনা হয়েছে, তা অত্যন্ত লজ্জাজনক। কংগ্রেসের মধ্যে মূল্যবোধের সম্পূর্ণ পতন হয়েছে।”
বিষ্ণুজিৎ রানের বাবা প্রতাপসিং রানে গোয়ার রাজনীতিতে এক কিংবদন্তি নাম। সাত বার মুখ্যমন্ত্রী এবং টানা ৫০ বছরেরও বেশি সময় বিধায়ক ছিলেন তিনি। সেই অভিজ্ঞ রাজনীতিকের মুখ থেকেই রাহুলের আচরণের প্রসঙ্গ শুনেছিলেন বলে দাবি ছেলের।
এখানেই থেমে থাকেননি গোয়ার স্বাস্থ্য মন্ত্রী। তাঁর কথায়, “সময় আসলেই কংগ্রেস মহিলাশক্তি এবং মাতৃত্বশক্তিকে অপমান করেছে। এটা তাদের পরিচয় হয়ে দাঁড়িয়েছে। রাজনীতি দৃষ্টি ও শাসনকার্যে হওয়া উচিত, এই নীচতায় নয়।”
এদিকে, বিজেপির অভিযোগ, কংগ্রেস নতুন করে রাজনীতির মানদণ্ডকে নীচে নামিয়েছে। দলের মুখপাত্র সৈয়দ শাহনওয়াজ হুসেনের কটাক্ষ, “প্রথমে কংগ্রেসের সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রীর মাকে নিয়ে গালিগালাজ করা হল, এখন আবার এআই ভিডিও তৈরি করে তাঁকে অপমান করা হচ্ছে। বিহারবাসী এটা মেনে নেবে না। কংগ্রেসকে এর মূল্য দিতে হবে নির্বাচনে।”
যদিও কংগ্রেস নিজেদের অবস্থান থেকে সরছে না। দলের নেতা পবন খেরা জানিয়েছেন, “এখানে কোনও অসম্মান নেই। এটা মায়ের দায়িত্ব সন্তানকে শিক্ষা দেওয়া। যদি সন্তান সেটা অপমান মনে করে, তবে সেটাই তার সমস্যা।”
কংগ্রেসের এআই ভিডিও ঘিরে তীব্র বাকযুদ্ধের আবহে গোয়ার মন্ত্রীর এই ব্যক্তিগত দাবি নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করেছে জাতীয় রাজনীতিতে।