এনডিএ-র প্রার্থী মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল তথা তামিল রাজনীতির ‘অজাতশত্রু’ দলিত নেতা সিপি রাধাকৃষ্ণন শুক্রবার দেশের পঞ্চদশ উপরাষ্ট্রপতি পদে শপথ নেন।

রাহুল গান্ধীর ফাইল ছবি।
শেষ আপডেট: 12 September 2025 12:58
দ্য ওয়াল ব্যুরো: উপরাষ্ট্রপতি পদে সিপি রাধাকৃষ্ণনের শপথ গ্রহণ অনুষ্ঠানের দেশের বিরোধী দলনেতার অনুপস্থিতি নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ধুনল বিজেপি। এনডিএ-র প্রার্থী মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল তথা তামিল রাজনীতির ‘অজাতশত্রু’ দলিত নেতা সিপি রাধাকৃষ্ণন শুক্রবার দেশের পঞ্চদশ উপরাষ্ট্রপতি পদে শপথ নেন। সেই অনুষ্ঠানে প্রটোকল মেনে রাষ্ট্রপতি ভবনে উপস্থিত থাকার কথা রায়বরেলির এমপি তথা লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীর। কিন্তু, এদিন তাঁর গরহাজিরা রাজনৈতিক মহলের দৃষ্টি টানে। যথারীতি এই সুযোগ হাতছাড়া করেনি শাসক দল বিজেপি।
বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী এক্সবার্তায় রাহুলকে তীব্র নিন্দা করেন। তিনি লিখেছেন, রাহুল গান্ধী দেশের সংবিধানকে ঘৃণা করেন। রাহুল গান্ধী দেশের গণতন্ত্রকে অপছন্দ করেন। তাই উপরাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান বয়কট করেছেন। বিজেপি নেতা আরও লিখেছেন, কয়েকদিন আগে রাহুল গান্ধী লালকেল্লায় অনুষ্ঠিত দেশের স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানও বয়কট করেছিলেন। কোনও ভারতীয় নাগরিক কি স্বাধীনতা দিবসকে অবজ্ঞা করতে পারে? যে ব্যক্তি সাংবিধানিক কার্যপদ্ধতি মেনে চলার শপথ নিয়েছেন, তিনি কি রাজনৈতিক জীবনের পক্ষে উপযুক্ত, প্রশ্ন তোলেন ভাণ্ডারী।
বিজেপি নেতার অভিযোগ, রাহুল গান্ধীর মালয়েশিয়ায় ছুটি কাটাতে যাওয়ার মতো সময় আছে। কিন্তু, সরকারি সাংবিধানিক অনুষ্ঠানে হাজিরা দেওয়ার প্রয়োজনবোধ করেন না তিনি। ভারতের গণতন্ত্রের পক্ষে রাহুল গান্ধী বিপজ্জনক। তিনি ভারত রাষ্ট্রেরই বিরোধিতা করছেন।
বিজেপির তির রাহুল গান্ধীকে নিয়ে হলেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। এর কারণ হিসেবে জানা গিয়েছে যে, রাহুল একটি দলীয় অনুষ্ঠানে গুজরাতে গিয়েছেন। কংগ্রেস নেতা উদিত রাজ বলেন, বিরোধী দলনেতা সরকারি সব অনুষ্ঠানে হাজির থাকবেন, এরকম আইন নেই। কংগ্রেস সভাপতি অনুষ্ঠানে ছিলেন, তিনিই দলের সর্বোচ্চ প্রতিনিধি। আসলে বিজেপি সংবিধানকে অপছন্দ করে। ওরা সংবিধানকে তুচ্ছ জ্ঞান করছে এবং অপঅর্থ তৈরি করছে। রাহুল গান্ধী দেশের সংবিধান রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছেন।