মার্কিন প্রেসিডেন্ট প্রকাশ্যে বলেছেন, তিনি সরাসরি দুই দেশের মধ্যে মধ্যস্থতা করেছিলেন। বাণিজ্য ও শুল্কে চাপ সৃষ্টি করে তিনি মোদীকে যুদ্ধবিরতিতে রাজি করাতে বাধ্য করেছিলেন।

রাহুল গান্ধী
শেষ আপডেট: 27 August 2025 15:56
দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তান যুদ্ধ (India Pakistan Conflict) থামানো নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) যে দাবি করেছেন তা সত্যিই বলেই মনে করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এই ইস্যুতে তিনি নরেন্দ্র মোদীকেই (Narendra Modi) নিশানা করে কার্যত ট্রাম্পের পুতুল বলে কটাক্ষ করেছেন!
সম্প্রতি ট্রাম্প দাবি করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলে তিনি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ থামিয়েছিলেন। শুধু তাই নয়, যুদ্ধ থামানোর জন্য ২৪ ঘণ্টা নাকি সময়ও দিয়েছিলেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই দাবিকেই সত্যি বলে মনে করেন। মধ্যপ্রদেশের মুজফ্ফরপুরে নির্বাচনী জনসভা থেকে এই বিষয়েই মন্তব্য করে মোদীকে কড়া আক্রমণ করেন রাহুল।
মার্কিন প্রেসিডেন্ট প্রকাশ্যে বলেছেন, তিনি সরাসরি দুই দেশের মধ্যে মধ্যস্থতা করেছিলেন। বাণিজ্য ও শুল্কে চাপ সৃষ্টি করে তিনি মোদীকে যুদ্ধবিরতিতে রাজি করাতে বাধ্য করেছিলেন। রাহুলের অভিযোগ, মোদী এই চাপের কাছে নতি স্বীকার করেছিলেন।
সভায় রাহুল বলেন, ‘‘ট্রাম্প বলেছেন, ভারত-পাকিস্তান যুদ্ধ চলার সময় তিনি ফোন করেছিলেন মোদীকে। বলেছিলেন ২৪ ঘণ্টার মধ্যে যা চলছে তা থামাতে। কিন্তু মোদী ফোন পাওয়ার মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই সব থামিয়ে দেন।’’ যদিও ভারতের সরকারি অবস্থান একেবারেই আলাদা। দিল্লি আগেও যা বলেছে, এখনও তাই বলছে - পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়েছিল দুই দেশের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন্স (DGMO)-র সরাসরি আলোচনার মাধ্যমে। কোনও বিদেশি শক্তির মধ্যস্থতা হয়নি।
#WATCH | Muzaffarpur, Bihar | Addressing during the 'Voter Adhikar Yatra', Lok Sabha LoP Rahul Gandhi says, "Trump said today that when the war between India and Pakistan was going on, I picked up the phone and told Narendra Modi and told him to stop whatever he was doing within… pic.twitter.com/ap4ih0Ruqt
— ANI (@ANI) August 27, 2025
কিন্তু ট্রাম্পের দাবি এবং রাহুলের বক্তব্যের জেরে ভারতের কূটনৈতিক সিদ্ধান্তে মার্কিন প্রভাব কতটা কাজ করেছে সেই নিয়ে প্রশ্ন উঠছে। বিরোধীদের মতে, এই দাবি যদি সত্যি হয় তবে দেশের নিরাপত্তা ও কূটনৈতিক পদক্ষেপে বিদেশি রাষ্ট্রনেতার ইশারায় সিদ্ধান্ত বদল গণতান্ত্রিক ভারতের মর্যাদাকে খাটো করে। তবে রাহুল গান্ধীর মন্তব্য নিয়ে দেশের রাজনীতিতেও শোরগোল পড়েছে।
বিজেপির বক্তব্য, দেশের প্রধানমন্ত্রীর কথা বিশ্বাস না করে বিদেশি রাষ্ট্রনেতার কথায় আমল দিয়ে আদতে রাহুল গান্ধী দেশের বিরোধিতাই করছেন। বিদেশের কাছে দেশের সম্মান নষ্ট করছেন। এর জন্য পদক্ষেপ করা উচিত সরকারের।