গণতন্ত্র পুনরুদ্ধার ও সংবিধান রক্ষার লড়াইয়ের সামনের সারিতে রয়েছেন রাহুল গান্ধী, বলেই মনে করছে কংগ্রেস।

ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধী
শেষ আপডেট: 11 October 2025 08:03
দ্য ওয়াল ব্যুরো: ভেনেজুয়েলার (Venezuela) প্রধান বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো (Maria Corina Machado) এ বছর নোবেল শান্তি পুরস্কার (Nobel Peace Prize) পেলেন। কংগ্রেসের (Congress) মুখপাত্র সুরেন্দ্র রাজপুত শুক্রবার টুইট করে তুলনা টানলেন রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে। তিনি ইঙ্গিত দিলেন, ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধীও দেশের সংবিধান ও গণতন্ত্র রক্ষার লড়াই লড়ছেন, তাই তিনিও এই স্বীকৃতির যোগ্য।
এক্স (X)-এ হিন্দিতে কংগ্রেসের মুখপাত্র লেখেন, “এই বছর ভেনেজুয়েলার বিরোধী নেত্রীকে সংবিধান রক্ষার জন্য নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। ভারতের বিরোধী দলনেতা শ্রী রাহুল গান্ধীও দেশের সংবিধান বাঁচানোর লড়াই লড়ছেন।”

নরওয়েজিয়ান নোবেল কমিটি মাচাডোকে স্বীকৃতি দিয়েছে তাঁর গণতান্ত্রিক অধিকারের পক্ষে অবিচল লড়াই ও ভেনেজুয়েলাকে একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে শান্তিপূর্ণভাবে রূপান্তরের প্রচেষ্টার জন্য। হুমকি ও নিপীড়নের মুখেও মাচাডো বিরোধী শিবিরকে ঐক্যবদ্ধ রেখেছেন, এমনকী গত বছরের বিতর্কিত নির্বাচনের পর তাঁকে আত্মগোপনে যেতে হয়েছিল।
ভারতে, কংগ্রেসের দাবি, রাহুল গান্ধী 'স্বৈরাচারী' এনডিএ সরকারের বিরুদ্ধে গণতন্ত্র রক্ষার সংগ্রাম চালাচ্ছেন। সাম্প্রতিককালে তিনি ভোট চুরি, ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলা, ইভিএম হ্যাকিং, সংরক্ষণ নীতি বদলের চেষ্টা ইত্যাদি নিয়ে সরব হয়েছেন।
এছাড়া, কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট বেকারত্ব, অর্থনীতির মন্দা, সংখ্যালঘু ও তফসিলি জাতি-উপজাতির অধিকার খর্ব, এবং ভিন্নমত দমন - এ সব ইস্যুতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে একযোগে অবস্থান নিয়েছে।
বিরোধী শিবিরের অভিযোগ, মোদী সরকারের আমলে দেশে গণতান্ত্রিক মূল্যবোধ ক্ষয়প্রাপ্ত হয়েছে। সেই গণতন্ত্র পুনরুদ্ধার ও সংবিধান রক্ষার লড়াইয়ের সামনের সারিতে রয়েছেন রাহুল গান্ধী, বলেই মনে করছে কংগ্রেস।